চাঁপাইনবাবগঞ্জে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের ঘটনাকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। শুক্রবার (৬ মার্চ) দুপুরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. শামসুল হক বলেন, পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের পরিবারের সাথে বিরোধ চলছিল এবং বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। কিন্তু একটি মহল পরিকল্পিতভাবে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে।
তিনি অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কিছু সদস্য পারিবারিক ও বংশীয় বিরোধকে রাজনৈতিক রূপ দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। সম্প্রতি অনলাইনে কয়েকটি ভুয়া ফেসবুক পেজ থেকে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।
লিখিত বক্তব্যে তিনি আরও জানান, আব্দুল আলিম, আশিক আলী, তোহরুল ইসলাম ও শাহরিয়ার নামের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সদস্যরা এ ধরনের অপতৎপরতার সাথে জড়িত বলে তারা অভিযোগ করছেন।
ঘটনার বিবরণ দিয়ে শামসুল হক বলেন, সংশ্লিষ্ট জমির ওপর আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত মঙ্গলবার রাতে জোরপূর্বক দালান বাড়ি নির্মাণ ও ছাদ দেওয়ার চেষ্টা করা হয়। এ সময় তারা বাধা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে রাতের অন্ধকারে কে বা কারা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে উপস্থিত সবাই আতঙ্কে দিকবিদিক ছুটে পালায়।
তিনি দাবি করেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় তাদের পরিবারের কোনো সম্পৃক্ততা নেই।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং মিথ্যা তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। এ সময় শামসুল হকের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:








