শনিবার

৭ মার্চ, ২০২৬ ২৩ ফাল্গুন, ১৪৩২

সিরাজগঞ্জে ধানের জমিতে তামাকের চাষ, কিছুই জানে না কৃষি কর্মকর্তা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৬ মার্চ, ২০২৬ ১৬:৫৬

শেয়ার

সিরাজগঞ্জে ধানের জমিতে তামাকের চাষ, কিছুই জানে না কৃষি কর্মকর্তা
ছবি বাংলা এডিশন

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ধান ও সরিষার জমিতে প্রথমবারের মতো তামাক চাষের ঘটনা দেখা গেছে। বেশি লাভের আশায় কৃষিজমিতে খাদ্যশস্যের পরিবর্তে তামাক আবাদ করা হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

সরেজমিনে জানা যায়, উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের শেষ প্রান্তে পাকা সড়কের পাশে প্রায় তিন বিঘা জমিতে তামাক চাষ করা হয়েছে। জমিটির মালিক বেলকুচি উপজেলার বানিয়াগাতী নতুনপাড়া গ্রামের বাসিন্দা শামসুল আলমের ছেলে শহিদুল ইসলাম। সেখানে তামাক গাছ ইতোমধ্যে প্রায় ২ থেকে ৪ ফুট পর্যন্ত বড় হয়েছে।

স্থানীয় বাসিন্দা সাদেকা আলী ও ইমান আলী জানান, পূর্বে ওই জমিতে ধান চাষ হতো এবং ভালো ফলন পাওয়া যেত। চলতি মৌসুমে সরিষা চাষ করলেও ভালো উৎপাদন পাওয়া সম্ভব ছিল বলে তারা মনে করেন। তাদের তথ্য অনুযায়ী, বেশি লাভের আশায় স্থানীয় এক কৃষক বর্গা নিয়ে জমিতে তামাক আবাদ করেছেন। তাদের মতে, জমিটি ধান ও সরিষা চাষের জন্য উপযোগী।

তামাক চাষি শহিদুল ইসলাম জানান, ধান ও সরিষার তুলনায় বেশি লাভের আশায় তিনি তামাক চাষ করেছেন। তবে জমিতে সার ও পানির পরিমাণ বেশি থাকায় তামাকের ফলন আশানুরূপ হয়নি। পরবর্তীতে তিনি তামাক বাদ দিয়ে পাট চাষের পরিকল্পনা করেছেন।

কামারখন্দ উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন জানান, উপজেলায় তামাক চাষ হচ্ছে এমন তথ্য তার জানা ছিল না। তিনি বলেন, কৃষি বিভাগ নিয়মিতভাবে কৃষকদের তামাক চাষ থেকে নিরুৎসাহিত করে আসছে। কোথাও তামাক আবাদ হয়ে থাকলে বিষয়টি ব্লক সুপারভাইজারদের মাধ্যমে যাচাই করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. বিপাশা হোসাইনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।



banner close
banner close