বুধবার

৪ মার্চ, ২০২৬ ২০ ফাল্গুন, ১৪৩২

শিবগঞ্জে নির্মাণাধীন বাড়িতে হামলা ও ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

প্রকাশিত: ৪ মার্চ, ২০২৬ ২১:৪০

শেয়ার

শিবগঞ্জে নির্মাণাধীন বাড়িতে হামলা ও ককটেল বিস্ফোরণ
ছবি বাংলা এডিশন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এক মহিলার নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়ন-এর পারদিলালপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী মোছা. তাজেকরা বেগম (৫৮) তার পৈতৃক ভোগদখলীয় জমিতে পাকা ঘর নির্মাণকাজ শুরু করেন। অভিযোগ অনুযায়ী, গত ৩ মার্চ রাত আনুমানিক ১১টার দিকে স্থানীয় কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধভাবে সেখানে হামলা চালায়। তারা নির্মাণাধীন ঘর ভাঙচুর করে, জমিতে থাকা কয়েকটি আমগাছ কেটে ফেলে এবং আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে ককটেল বিস্ফোরণ ঘটায়।

ভুক্তভোগীর দাবি, হামলাকারীরা তাকে প্রাণনাশের হুমকিও প্রদান করে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ ঘটনায় তাজেকরা বেগম ৪ মার্চ সকালে শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

জিহাদ নামের অভিযুক্তের সাথে যোগাযোগ করলে তিনি জানান, জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলমান রয়েছে। সেখানে বাড়ি নির্মানে আদালত কর্তৃক নিষেধাজ্ঞা দেয়া আছে। এরপরও তারা বাড়িতে রাতের বেলা ছাদ ঢালাই দেওয়ার চেষ্টা করলে আমরা সেখানে বাধা দিতে যায়। কিন্তু রাতের আঁধারে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটালে আমরা সেখান থেকে দুরে পালিয়ে যায়। আমরা তাদের সাথে কোন ধরণের সংঘাতে লিপ্ত হই নি।

এ বিষয়ে শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. কবির হোসেন জানান, শিবগঞ্জ থানায় উপরোক্ত বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



banner close
banner close