বুধবার

৪ মার্চ, ২০২৬ ২০ ফাল্গুন, ১৪৩২

এআই দিয়ে আপত্তিকর ছবি ছড়ানোর অভিযোগে তিন সাংবাদিকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ মার্চ, ২০২৬ ১৮:০৮

আপডেট: ৪ মার্চ, ২০২৬ ১৮:০৯

শেয়ার

এআই দিয়ে আপত্তিকর ছবি ছড়ানোর অভিযোগে তিন সাংবাদিকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ছবি বাংলা এডিশন

সিরাজগঞ্জের সদর উপজেলার বহুলী ইউনিয়নে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে আপত্তিকর ছবি তৈরি ও সামাজিক মাধ্যমে প্রচারের অভিযোগে তিন সাংবাদিকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন দেশ মাতৃকা ফুড প্রোডাক্টস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইমাজ উদ্দিন তালুকদার শুভ।

বুধবার ৪ মার্চ দুপুরে ডুমুর ইছা হাট গ্রামে প্রতিষ্ঠানটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ইমাজ উদ্দিন তালুকদার শুভ। তিনি অভিযোগ করেন, লিটন, ইয়ামিন ও জাহিদ নামের তিন সাংবাদিক তার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে এআই প্রযুক্তি ব্যবহার করে তার পরিবারের সদস্যদের ভুয়া ও মানহানিকর ছবি তৈরি করে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়।

তার দাবি, এসব ছবি সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা হয়েছে এবং সামাজিক মাধ্যমে প্রচারের মাধ্যমে তার ও পরিবারের সামাজিক সুনাম ক্ষুণ্ন করা হয়েছে। তিনি আরও জানান, সিরাজগঞ্জ মিডিয়া নামের একটি ফেসবুক পেজে সম্প্রতি তার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে, যা তিনি মিথ্যা ও ভিত্তিহীন বলে উল্লেখ করেন। তার ব্যক্তি সুনাম, সামাজিক অবস্থান এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

ইমাজ উদ্দিন তালুকদার শুভ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত তদন্তের আহ্বান জানান এবং প্রযুক্তির অপব্যবহার রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি তোলেন। অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



banner close
banner close