রবিবার

১৫ মার্চ, ২০২৬ ১ চৈত্র, ১৪৩২

তারাবি শেষে বাড়ি ফেরার পথে জামায়াত কর্মীকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ মার্চ, ২০২৬ ১৬:৪১

শেয়ার

তারাবি শেষে বাড়ি ফেরার পথে জামায়াত কর্মীকে কুপিয়ে জখম
ছবি: সংগৃহীত

তারাবি শেষে বাড়ি ফেরার পথে জামায়াত কর্মীকে কুপিয়ে জখম অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বানিপুর গ্রামে মোহাম্মদ আলীর পুত্র জাহান শেখকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। রমজানের তারাবি নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে তারাবি নামাজ শেষে বাড়ি ফেরার সময় পূর্ব থেকে ওঁত পেতে থাকা একদল চিহ্নিত সন্ত্রাসী ধারালো দেশীয় অস্ত্র দিয়ে জাহান শেখকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে দ্রুত স্থান ত্যাগ করে। আকস্মিক এ হামলায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক ডা. সৌমিক সেন প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসক জানান, আহত জাহান শেখের শরীরে অসংখ্য জখমের চিহ্ন রয়েছে।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর অভয়নগর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক ইউনুস আকুঞ্জি বলেন, জাহান শেখ জামায়াতের একজন সক্রিয় সদস্য। খবর পেয়ে হাসপাতালে গিয়ে তার শরীরে একাধিক গুরুতর জখমের চিহ্ন দেখা গেছে। অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসক তাকে দ্রুত খুলনায় পাঠিয়েছেন। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বাঘুটিয়ায় সংঘটিত একটি সংঘর্ষের ঘটনার জের ধরে এই হামলা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল দ্রুত দোষীদের শনাক্ত ও আইনের আওতায় এনে পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানিয়েছেন।



banner close
banner close