চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় গভীর রাতে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযানের তথ্য ফাঁসের অভিযোগে তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার রাত ১২টা থেকে ভোর ৩টা পর্যন্ত সরল ইউনিয়নের জালিয়াঘাটা এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানি আকনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানের আগাম তথ্য পেয়ে সংশ্লিষ্টরা এক্সক্যাভেটর ও মিনি ডাম্পার ট্রাক নিয়ে পালিয়ে যায়।
তল্লাশিতে মো. রিদুয়ান (৩০), নুরুল আলম (৪৫) ও মো. ইব্রাহিম (৪৫)-এর বিরুদ্ধে তথ্য ফাঁসের প্রমাণ পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তারা দোষ স্বীকার করেন এবং লভ্যাংশের বিনিময়ে সতর্কবার্তা দেওয়ার কথা জানান।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় মো. রিদুয়ানকে ৬ মাস এবং অন্য দু’জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। প্রশাসন জানিয়েছে, অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন:








