সোমবার

২ মার্চ, ২০২৬ ১৮ ফাল্গুন, ১৪৩২

কার্ডের ক্ষেত্রে দলীয় বিবেচনা নয়, দারিদ্র্যই হবে একমাত্র মানদণ্ড: এমপি কেরামত আলী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২ মার্চ, ২০২৬ ১৬:১১

শেয়ার

কার্ডের ক্ষেত্রে দলীয় বিবেচনা নয়, দারিদ্র্যই হবে একমাত্র মানদণ্ড: এমপি কেরামত আলী
ছবি: বাংলা এডিশন

সরকারি কার্ড বা সুযোগ-সুবিধা বণ্টনে কোনো ধরনের দলীয় প্রভাব বা বিশেষ ব্যক্তিবিশেষের পছন্দ-অপছন্দ গ্রহণযোগ্য নয় বলে কঠোর বার্তা দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. কেরামত আলী। তিনি বলেন, “কার্ড বরাদ্দ হবে কেবল প্রকৃত দরিদ্রদের জন্যেই, রাজনৈতিক বিবেচনা নয়।”

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় সরকারি সুবিধা বিতরণে স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রাখতে কঠোর নির্দেশনা দিয়েছেন নবনির্বাচিত সাংসদ ড. কেরামত আলী। সোমবার সকালে শিবগঞ্জ পৌরসভার আয়োজনে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় পৌর এলাকার জনবল ঘাটতি, সেবার মান উন্নয়ন, অবৈধ দোকান-পাট উচ্ছেদ এবং যানজট নিরসন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।

এসময় পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আশিক আহমেদকে উদ্দেশ্য করে এমপি কেরামত আলী বলেন, দরিদ্রদের জন্য বরাদ্দ কার্ড বিতরণে কোনো ধরনের দলীয় দৃষ্টিভঙ্গি যেন না থাকে। তিনি বলেন, “যারা প্রকৃত দরিদ্র, তারাই সরকারি সুবিধা পাবে। কারো রাজনৈতিক পরিচয় বা বিশেষ ব্যক্তিদের কারণে সুবিধা দেওয়া যাবে না। কেউ যদি এ ধরনের চেষ্টা করে, তাকে চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।”

তিনি আরও বলেন, চলমান কোনো কাজ যেন আটকে না থাকে এবং পৌরসভার নীতিমালা অনুযায়ী সব কাজ বাস্তবায়িত করতে হবে। এছাড়া তিনি পৌর কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন দ্রুত পরিশোধের পরামর্শ দেন।

সাংবাদিকদের তথ্যপ্রদানের বিষয়ে এমপি বলেন, “সাংবাদিকরা জনগণের তথ্য জানার অধিকার রক্ষা করেন। তাই তথ্য দেয়া থেকে বিরত থাকা যাবে না। তবে যেসব তথ্য আইন অনুযায়ী গোপনীয়, সেগুলো গোপন রাখতে হবে।”

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী একেএম তোফাজ্জল হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মুসাব্বির হোসেন, সমাজসেবা কর্মকর্তা মো. নুরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবদুৎ তোয়াব, উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ, উপজেলা শাখা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মো. আব্দুল মান্নান ও শিবগঞ্জ থানা এসআই ইমরান হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী।



banner close
banner close