সোমবার

২ মার্চ, ২০২৬ ১৭ ফাল্গুন, ১৪৩২

বান্দরবানে অবৈধ ইটভাটা: ৮ মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বান্দরবান প্রতিনিধি:

প্রকাশিত: ১ মার্চ, ২০২৬ ২২:৩১

শেয়ার

বান্দরবানে অবৈধ ইটভাটা: ৮ মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ছবি: সংগৃহীত

বান্দরবানে পরিবেশ আইন লঙ্ঘন করে অবৈধভাবে ইটভাটা পরিচালনার অভিযোগে আট মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। পরিবেশ অধিদপ্তরের দায়ের করা পাঁচটি মামলায় এ আদেশ দেন পরিবেশ আদালত।

রোববার (১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন বান্দরবান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও স্পেশাল পরিবেশ আদালতের পেশকার মাহবুব কাদের। তিনি জানান, অবৈধ ইটভাটা পরিচালনার দায়ে পরিবেশ অধিদপ্তর পাঁচটি মামলা দায়ের করলে আদালত সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বান্দরবানের পাঁচটি উপজেলায় প্রশাসনের অনুমতি ও পরিবেশগত ছাড়পত্র ছাড়া প্রায় ৭০টির বেশি ইটভাটা গড়ে তোলা হয়েছে। বর্তমানে এর মধ্যে ৪২টি ইটভাটা চালু রয়েছে। এর আগে একাধিকবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কয়েকটি ইটভাটায় জরিমানা আদায় ও ভাটা ভেঙে দেওয়ার ব্যবস্থা নেয়। তবে অভিযানের পরও অবৈধ কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়নি।

যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তারা হলেন—থানচি উপজেলার এমএসবি ইটভাটার মালিক সাবেক যুবলীগ নেতা আনিছুর রহমান সুজন (মামলা নং-০৩/২৬); আলীকদম উপজেলার এবিএম ইটভাটার মালিক সাবেক আওয়ামী লীগ নেতা সামছুদ্দিন ও এখলাচুর রহমান (মামলা নং-০৫/২৬); একই উপজেলার ইউবিএম ইটভাটার মালিক সাবেক আওয়ামী লীগ সভাপতি জামাল উদ্দিন (মামলা নং-০৪/২৬); এফবিএম ইটভাটার মালিক শওকত তালুকদার (মামলা নং-০২/২৬); এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার বিবিএম ইটভাটার মালিক মোহাম্মদ আবু ছৈয়দ, আবুল বশর ও ফরিদ আহমদ (মামলা নং-০১/২৬)।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের সহযোগিতায় অভিযান অব্যাহত রয়েছে। এ পর্যন্ত ৮০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং আটটি ভাটার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম বলেন, জামিন অযোগ্য ধারায় পরিবেশ আদালতে মামলা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, স্থানীয় একাধিক সূত্র দাবি করেছে, থানচি উপজেলার এমএসবি ইটভাটার মালিক আনিছুর রহমান সুজন বর্তমানে আত্মগোপনে রয়েছেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির কোনো বক্তব্য পাওয়া যায়নি।



banner close
banner close