সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ব্র্যাক ব্যাংক পিএলসি উল্লাপাড়া শাখার ব্যবস্থাপক মনিরুল ইসলামের বিরুদ্ধে ঘুষ দাবি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় পৌরশহরে শাখা কার্যালয়ের সামনে ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয়দের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে লিখিত বক্তব্য পাঠ করেন উল্লাপাড়া বাজারের ভাই ভাই স্টোরের স্বত্বাধিকারী মো. শহিদুল ইসলাম। তিনি জানান, ২০২৪ সালের ৫ মে ব্র্যাক ব্যাংক পিএলসি-এর উল্লাপাড়া শাখা থেকে ৫২ লাখ টাকা ব্যবসায়িক ঋণ গ্রহণ করেন। একই সময়ে কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি-তে ৫৭ লাখ টাকার অগ্নিবীমা সম্পাদন করেন।
তার দাবি, গত ২৭ নভেম্বর রাত আনুমানিক ১২টার দিকে তার ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং দোকানটি সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় ১ কোটি ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
অভিযোগে তিনি বলেন, অগ্নিকাণ্ডের পর ব্যাংক কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে ঋণ মওকুফ এবং বীমার সম্পূর্ণ অর্থ প্রদানে সহায়তার আশ্বাস দেন। তবে পরবর্তী সময়ে শাখা ব্যবস্থাপক বিভিন্ন অজুহাতে বিষয়টি দীর্ঘসূত্রতায় ফেলেন। তার আরও অভিযোগ, ঋণের কিস্তির টাকা উত্তোলনের ক্ষেত্রে অনিয়ম হয়েছে এবং নতুন করে ১ কোটি ২০ লাখ টাকার ঋণ ও বীমার অর্থ প্রাপ্তির আশ্বাস দিয়ে ৩০ লাখ টাকা ঘুষ দাবি করা হয়। ঘুষ দিতে অস্বীকৃতি জানালে ঋণ সুবিধা ও বীমার অর্থ প্রাপ্তিতে জটিলতা সৃষ্টি করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে অভিযুক্ত শাখা ব্যবস্থাপক মনিরুল ইসলামের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়াও জানা যায়নি। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও এ ঘটনায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন:








