গাইবান্ধা সদর উপজেলায় খাদ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণ ও অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের দায়ে দুইটি খাদ্য প্রতিষ্ঠানে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-১৩ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার সকালে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, শনিবার বিকেলে গাইবান্ধা সদর উপজেলার বিভিন্ন বাজারে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেয় র্যাব-১৩, সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্প এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাইবান্ধা কার্যালয়ের কর্মকর্তারা।
ভ্রাম্যমান আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারায় ‘নূরানী ফুডস’-কে ৫০ হাজার টাকা এবং একই ধারায় ‘নিউ বিসমিল্লাহ ফুডস’-কে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে র্যাব-১৩ জানায়, অবৈধ মজুতদারি, অতিরিক্ত দামে পণ্য বিক্রয় ও খাদ্যে ভেজাল সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন:








