নারায়ণগঞ্জের আড়াইহাজার ও বন্দরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশু ও এক নারী নার্স নিহত হয়েছেন। শুক্রবার সকালে এসব দুর্ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং সংশ্লিষ্ট যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আড়াইহাজারে একটি শ্রমিকবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তাসফিয়া নামে এক শিশু ঘটনাস্থলেই নিহত হয়। সে কুমিল্লা জেলার আলীপুর এলাকার আলী হোসেনের মেয়ে। পরিবারসহ সিএনজিতে করে ঢাকা থেকে আলীপুর যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত আরও তিনজনকে উদ্ধার করে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ আলাউদ্দিন জানান, নিহত শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং চালক ও হেলপারকে গ্রেপ্তারে অভিযান চলছে।
অন্যদিকে, বন্দর উপজেলার নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেলে করে স্বামীর সঙ্গে কর্মস্থলে যাওয়ার পথে দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে নিহত হন রিতা হালদার। তিনি ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন। সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিতা হালদার বরিশালের আগৈলঝাড়া উপজেলার কাঠিরা গ্রামের খোকন বাড়ৈর স্ত্রী। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ট্রাক শনাক্তে চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।
আরও পড়ুন:








