শনিবার

২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬ ফাল্গুন, ১৪৩২

ইভটিজিংয়ে বাধা, উল্লাপাড়ায় সংঘর্ষে নিহত ১

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:০২

আপডেট: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:০৪

শেয়ার

ইভটিজিংয়ে বাধা, উল্লাপাড়ায় সংঘর্ষে নিহত ১
ছবি বাংলা এডিশন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নে ইভটিজিংয়ে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষে শাহ আলম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি রশিদপুর গ্রামের চাঁদ আলীর ছেলে। বৃহস্পতিবার রাতে সংঘর্ষে গুরুতর আহত হওয়ার পর শনিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কাশিনাথপুর গ্রামের কয়েকজন যুবক দীর্ঘদিন ধরে রশিদপুর উত্তরপাড়া এলাকায় গিয়ে আড্ডা দিতেন এবং স্থানীয় মেয়েদের উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে রশিদপুর গ্রামের লোকজন তাদের একাধিকবার সতর্ক করেন। অভিযোগ রয়েছে, এর জেরে বৃহস্পতিবার রাতে কাশিনাথপুর গ্রামের একদল যুবক রশিদপুর গ্রামের লোকজনের ওপর হামলা চালায়।

হামলার পর দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। এতে রশিদপুর উত্তরপাড়া গ্রামের কয়েকজন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে শাহ আলমের শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ টহল জোরদার করা হয়েছে। রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাটি সম্পর্কে অবগত রয়েছে এবং এখনো কোনো পক্ষ মামলা দায়ের করেনি।

নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী সুষ্ঠু তদন্ত ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।



banner close
banner close