শনিবার

২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১৫ ফাল্গুন, ১৪৩২

বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতা রিয়াদসহ ৪ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১৯:১৯

শেয়ার

বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতা রিয়াদসহ ৪ জন কারাগারে
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদসহ চারজনকে হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। অপর তিন আসামি হলেন একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রিয়াদুল হাওলাদার, মো. আলিফ আহম্মেদ আশিক ও সায়েম শিকদার।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে জামিন শুনানির জন্য আগামী ১ মার্চ দিন ধার্য করা হয়েছে।

এদিন আসামিদের আদালতে হাজির করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও গুলশান থানার উপপরিদর্শক আরমান আলী তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষে জামিন আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

মামলার বাদী প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী নির্জন সরদার বাঁধন। তিনি রাজ্জাকসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ২২ জনকে আসামি করে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

অভিযোগে বলা হয়, আসামিদের সঙ্গে ভুক্তভোগী নির্জন ও তার বন্ধুদের পূর্ব শত্রুতা ছিল। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ তলার ৪১২ নম্বর কক্ষে সাক্ষাতের সময় আসামিরা তাকে স্থায়ী ক্যাম্পাস ও কনভোকেশন অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়ে কথা বলেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আনিসুর রহমানের সঙ্গে পরামর্শের সময় আসামি রাজ্জাকের নির্দেশে রিয়াদুল ও সায়েম চেয়ার দিয়ে তাকে আঘাত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে তার পিঠ ও বুকে আঘাত লাগে।

পরবর্তীতে রাজ্জাক সুইচ গিয়ার চাকু দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে মুখমণ্ডলে আঘাত করেন বলে মামলায় দাবি করা হয়। এতে তার নাকে গুরুতর জখম হয় এবং রক্তপাত হয়। এরপর তাকে এলোপাতাড়ি মারধর করা হয় বলে অভিযোগে বলা হয়েছে।

ভুক্তভোগীর সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এগিয়ে এলে আসামিরা তাদের ভয়ভীতি ও হুমকি দেন বলেও মামলায় উল্লেখ রয়েছে।

ঘটনার পর গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে যায়। উল্লেখ্য, গত বছরের ২৬ জুলাই রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদা দাবির ঘটনায়ও রাজ্জাক গ্রেপ্তার হয়েছিলেন।



banner close
banner close