শুক্রবার

৩ জুলাই, ২০২৬ ১৯ আষাঢ়, ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় পায়ের রগ কেটে চাচাকে হত্যা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৮:৫৩

শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় পায়ের রগ কেটে চাচাকে হত্যা
ছবি: প্রতিকী

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাকে পিটিয়ে হাত-পায়ের রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কসবা পৌরসভার আড়াইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. রতন মিয়া (৫০) আড়াইবাড়ি গ্রামের আব্দুল কাদেরের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত করা হয়েছে তার ভাই মিলন মিয়ার ছেলে রিফাত মিয়া (৩২), সিফাত মিয়া (২৪) এবং তাদের খালাতো ভাই সামির মিয়া (১৮) কে।

নিহতের বড় মেয়ে আইরিন ইসলাম হ্যাপি জানান – জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে চাচা-ভাতিজাদের মধ্যে বিরোধ ও মামলা চলছিল। বুধবার সকাল থেকেই প্রতিপক্ষরা তার বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। বিকেল সাড়ে চারটার দিকে রতন মিয়া পাশের বিলে জমিতে কাজ করার সময় অভিযুক্তরা লাঠিসোঁটা নিয়ে সেখানে গিয়ে অতর্কিত হামলা চালায়।

অভিযোগ রয়েছে, এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত করার পর জমির আগাছা পরিষ্কারের কাচি দিয়ে তার হাত ও পায়ের রগ কেটে ফেলে হামলাকারীরা। গুরুতর আহত অবস্থায় তাকে ফেলে রেখে যায় তারা।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে স্থানীয় পৌর কমিশনার মো. আবু সায়িদ জানান, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধে একাধিকবার গ্রাম্য সালিশ হয়েছে, তবে স্থায়ী সমাধান হয়নি। বিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ওসি নাজনীন সুলতানা বলেন–প্রাথমিকভাবে জমিজমা সংক্রান্ত বিরোধের কারণেই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



আরও পড়ুন:

banner close
banner close