রবিবার

৩০ আগস্ট, ২০২৬ ১৫ ভাদ্র, ১৪৩৩

নেত্রকোণায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

নেত্রকোণা প্রতিনিধি:

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৭:৩২

শেয়ার

নেত্রকোণায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
ছবি সংগৃহীত

নেত্রকোণায় স্ত্রী রেজিয়া খাতুনকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী মোঃ আবু বক্কর (৬২) কে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অনাদায়ে তাকে আরও কারাভোগ করতে হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালত-এর বিচারক মোছা: মরিয়ম মুন মুঞ্জুরীর আদালত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষে আইনজীবী আবুল হাশেম।

দণ্ডপ্রাপ্ত আবু বক্কর কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মোলামখার এলাকার মৃত জাফর আলীর ছেলে। নিহত রেজিয়া খাতুন (৩৮) নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার বাসুন্তিয়া গ্রামের বাসিন্দা।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, আবু বক্কর ও রেজিয়া খাতুনের এটি ছিল দ্বিতীয় বিয়ে। বিয়ের পর আবু বক্কর স্ত্রীর বাড়িতে বসবাস করতেন। তাদের দাম্পত্য জীবনে প্রায়ই কলহ লেগে থাকত।

২০১৪ সালের ২৯ এপ্রিল রাতে পারিবারিক বিরোধের জেরে আবু বক্কর রেজিয়া খাতুনকে তার পরনের টি-শার্ট গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে ওই রাতেই মরদেহ বনের ঝোপের ভেতরে মাটিচাপা দিয়ে পালিয়ে যান। পরবর্তীতে তিনি মোবাইল ফোনে তার ছেলেকে হত্যার বিষয়টি জানান।

এ ঘটনায় পরদিন নিহতের বোন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

মামলায় আসামিপক্ষে আইনজীবী ছিলেন নজরুল ইসলাম খান।