শুক্রবার

৩ জুলাই, ২০২৬ ১৯ আষাঢ়, ১৪৩৩

বাহিনীর মতামত ছাড়াই নির্ধারিত নতুন ইউনিফর্ম বাতিলের দাবি পুলিশের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:২৬

শেয়ার

বাহিনীর মতামত ছাড়াই নির্ধারিত নতুন ইউনিফর্ম বাতিলের দাবি পুলিশের
ছবি: সংগৃহীত

পুলিশ সদস্যদের মতামত ছাড়াই নির্ধারিত লৌহ রঙের নতুন ইউনিফর্ম পরিবর্তনের দাবি জানিয়েছে পুলিশ। অন্তর্বর্তী সরকারের সময় চালু হওয়া এই পোশাক বাতিল করে উপযুক্ত ইউনিফর্ম নির্ধারণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিক অনুরোধ করেছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সংশ্লিষ্টরা বলছেন, সিদ্ধান্তটি যথাযথ পর্যালোচনা ছাড়া নেওয়া হয়েছিল এবং এতে আর্থিক চাপ বেড়েছে।

বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই সংগঠনটি ইউনিফর্ম পরিবর্তনের দাবি তোলে। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভাষ্য অনুযায়ী, বর্তমান পোশাক বাহিনীর অধিকাংশ সদস্যের পছন্দ নয় এবং এটি নির্ধারণের আগে মাঠপর্যায়ের মতামত নেওয়া হয়নি।

সংগঠনটির সাধারণ সম্পাদক ও কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, নতুন পোশাক নির্ধারণের ক্ষেত্রে সদস্যদের গায়ের রং, দেশের আবহাওয়া এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইউনিফর্মের সঙ্গে সামঞ্জস্যের বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়নি। ফলে ব্যবহারিক দিক থেকে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে।

পুলিশ সদস্যদের অভিযোগ, বর্তমান ইউনিফর্ম বিভিন্ন বেসরকারি নিরাপত্তা সংস্থার পোশাকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় সাধারণ মানুষের পক্ষে পুলিশ ও সিকিউরিটি গার্ড আলাদা করে চেনা কঠিন হয়ে পড়ছে। পাশাপাশি পোশাকটি আরামদায়ক নয় এবং কয়েকবার ধোয়ার পর রং নষ্ট হয়ে যায়। বছরে পাঁচটি করে ইউনিফর্ম সরবরাহ করা হলেও কাপড়ের মানজনিত কারণে তা এক বছর ব্যবহার করা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।

সমাজ ও অপরাধ বিশ্লেষক তৌহিদুল হক বলেন, এই পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়ে শুরু থেকেই প্রশ্ন ছিল। তার মতে, পুলিশ সংস্কারের ক্ষেত্রে কাঠামোগত ও পেশাগত উন্নয়নই বেশি গুরুত্বপূর্ণ; শুধু ইউনিফর্ম পরিবর্তনে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এ ধরনের ব্যয়ের যৌক্তিকতাও পর্যালোচনার দাবি রাখে বলে তিনি মন্তব্য করেন।

সাবেক আইজিপি আব্দুল কাউয়ুমও ইউনিফর্ম পরিবর্তনের সিদ্ধান্তকে হঠকারী বলে অভিহিত করেছেন। তিনি বলেন, কেবল পোশাক বদলালেই বাহিনীর ভাবমূর্তি বা কার্যকারিতা বদলায় না। তার মতে, আগের জেলা ও মেট্রোপলিটন পুলিশের ইউনিফর্মই অধিক উপযোগী ছিল এবং নতুন পোশাকের সঙ্গে বেসরকারি নিরাপত্তা কর্মীদের সাদৃশ্য বাহিনীর মর্যাদায় প্রভাব ফেলেছে।

এ পরিস্থিতিতে বর্তমান ইউনিফর্ম পুনর্বিবেচনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশ সদস্যরা। বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।



আরও পড়ুন:

banner close
banner close