নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাকারবারি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। এতে দুইজন উপপরিদর্শক (এসআই) ও এক সহকারী উপপরিদর্শক (এএসআই)সহ ডিবির ছয় সদস্য আহত হয়েছেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। এ ঘটনায় ১৫ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার রংছাতি ইউনিয়নের তেরতোফা গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম।
আহতরা হলেন- ডিবির এসআই আব্দুল জলিল ও শওকত, এএসআই আবুল কালাম এবং সদস্য শামীম, হিমেল ও খায়রুল। এছাড়া হামলায় স্থানীয় দৈনিকের ফটোগ্রাফার শ্যামল সরকারও আহত হয়েছেন।
আটক ব্যক্তিরা হলেন- ডাইয়ের কান্দা এলাকার মামুন মিয়া ও আল আমিন; তেরতোফা এলাকার সারফুল ইসলাম, রুনেল সরকার, হাবিবুর রহমান, মো. আব্দুল জলিল, আদিয়া খাতুন, শাহাতন আক্তার, মাজেদা খাতুন, পারভিন আক্তার, আদির উদ্দিন ও মাহমুদুল ইসলাম সায়েম; কৃষ্টপুর এলাকার মোশারফ মিয়া; আমগড়া এলাকার কাউসার আহমেদ এবং রায়পুর এলাকার আফাজ উদ্দিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলমাকান্দা সীমান্ত দিয়ে ভারতীয় গরু, চিনি, জিরা ও কসমেটিকসসহ বিভিন্ন পণ্য চোরাচালানের মাধ্যমে দেশে আনে একটি সংঘবদ্ধ চক্র। ভারতীয় গরু চোরাচালান ও বড় অঙ্কের টাকা লেনদেনের প্রস্তুতির গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে এসআই আব্দুল জলিলের নেতৃত্বে ডিবির একটি দল তেরতোফা গ্রামে সারফুল ইসলামের বাড়িতে অভিযান চালায়।
অভিযান চলাকালে চোরাকারবারিরা চিৎকার করে আশপাশের লোকজন জড়ো করে ডিবি সদস্যদের ওপর হামলা চালায়। কিল-ঘুষি, লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে ডিবির ছয় সদস্যকে আহত করা হয়। এ সময় ঘটনাস্থলে থাকা ফটোগ্রাফার শ্যামল সরকারও হামলার শিকার হন।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে। এ সময় ১৫ জন হামলাকারীকে আটক করা হয়।
অভিযানে ৪৬ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা, পাঁচটি ভারতীয় গরু, পাঁচ বোতল ভারতীয় মদ, ২০ পিস ইয়াবা, একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ও একটি টাকা গণনার মেশিন জব্দ করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কলমাকান্দা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে কলমাকান্দা থানার ওসি মো. লুৎফুল হক।
আরও পড়ুন:








