২০১৭ সালের হামলার ঘটনায় দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল জেলা সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস।
আজ সোমবার দুপুরে বরিশালের অতিরিক্ত চীফ ম্যাট্রোপলিটন আদালতে তিনি হাজির হলে আদালতের বিচারক এসএম শরীয়াতুল্লাহ তার জামিন আবেদন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৫ মে নগরীর অনামী লেনে হামলার অভিযোগে ২০২৪ সালে বিএনপি কর্মী মো সরোয়ার হোসেন কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল মহানগর সভাপতি সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর, জেলা সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুসসহ ২১০ জনকে আসামী করা হয়।
ওই মামলায় আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করা হয়। আদালত তার জামিন মঞ্জুর করেন।
এই ঘটনায় আদালত পাড়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। তবে জামিন প্রাপ্তির পর ইউনুস কারো সাথ কথা না বলে মোটরসাইকেল যোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
এদিকে আদালতের সরকারি কৌশুলীরা জামিন মঞ্জুর করায় ক্ষোভ প্রকাশ করেন।
আরও পড়ুন:








