কুমিল্লার দাউদকান্দিতে চলন্ত ট্রাকের পেছনে দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় দুজন নিহত ও চারজন আহত হয়েছেন। আজ সোমবার সকাল ছয়টার দিকে উপজেলার মালিখিল এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন মাইক্রোবাসের মালিক ও চালক মো. শাহীন এবং সামনের আসনে বসা নবম শ্রেণির শিক্ষার্থী ইব্রাহিম খলিল। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। শাহীনের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চারিপাড়া গ্রামে। আর ইব্রাহিম খলিল একই উপজেলার ছান্দ্রা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
আহত চারজন হলেন জয়নাল আবেদীন , মেহেদী হাসান , সানজিদা আক্তার ও ফারজানা আক্তার। তাঁদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। আহত ব্যক্তিদের সবাই একই পরিবারের সদস্য। তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক মো. জাকির হোসেন বলেন, ব্রাহ্মণপাড়া উপজেলার ছান্দ্রা গ্রামের মেহেদী হাসান আজ ভোরে সৌদি আরবে যাওয়ার জন্য বাড়ি থেকে রওনা দেন। মো. শাহীনের মাইক্রোবাসে করে তাঁরা ঢাকায় হজরত শাজজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনায় শাহিন ও ইব্রাহিম খলিল নিহত হন।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল বাহার মজুমদারের অনুমতিক্রমে স্বজনেরা নিহত ব্যক্তিদের লাশ নিয়ে গেছেন। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। ট্রাকটি পালিয়ে গেছে
ফায়ার সার্ভিসের দাউদকান্দি ইউনিটের কর্মকর্তা এরশাদ হোসাইন বলেন, খবর পেয়ে সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করেন।
আরও পড়ুন:








