পাবনা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দীর্ঘ ১৮ মাস পর গতকাল শুক্রবার জাতীয় পতাকা উত্তোলন হয়। বিকেলে দলটির কয়েকজন নেতা–কর্মী কার্যালয়ে উপস্থিত হয়ে পতাকা উত্তোলন করেন। এ ঘটনার ২৪ ঘণ্টা না যেতেই আজ শনিবার বিকেলে কার্যালয়টিতে আবার আগুন দেয়া হয়েছে।
এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলীয় নেতা–কর্মীরা আত্মগোপনে চলে যান। ওই সময় কয়েক দফায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা কার্যালয়টিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মধ্য শহরের আব্দুল হামিদ সড়কে জেলা আওয়ামী লীগের কার্যালয়। গত ৫ আগস্টের পর থেকে কার্যালয়টি পুরোপুরি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এর মধ্যেই হঠাৎ গতকাল শুক্রবার বিকেলে আওয়ামী লীগের কয়েকজন নেতা–কর্মী কার্যালয়ে ঢুকে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় তাঁরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে’ স্লোগান দেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, নেতা–কর্মীদের নেতৃত্ব দিচ্ছেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আইনজীবী তৌফিক ইমাম খান, উপজেলা আওয়ামী লীগের নেতা মাহবুব আলম খান ও পৌর আওয়ামী লীগ নেতা রহমান। এ সময় তাঁদের সঙ্গে আরও দু–তিনজন স্লোগান দিচ্ছেন।
গতকালের এ ঘটনার রেশ না কাটতেই আজ বিকেলে কার্যালয়টিতে আবার অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বিকেলে কয়েকজন তরুণ টায়ার নিয়ে কার্যালয়টিতে প্রবেশ করেন। ভেতরে পোড়ানোর মতো আর কিছু না থাকায় তাঁরা কার্যালয়ের ভেতরে টায়ার জ্বালিয়ে কিছুক্ষণ উল্লাস করেন। পরে আগুন জ্বালিয়ে রেখেই চলে যান।
বিকেল সাড়ে চারটার দিকে সরেজমিনে দেখা যায়, দ্বিতল ভবনটি এখন কঙ্কালসার। চারপাশে নোংরা আবর্জনার স্তূপ। মনে হচ্ছিল পরিত্যক্ত এক ভুতুড়ে বাড়ি। এর মধ্যেই নিচতলার দুটি কক্ষে জ্বলছে ধোঁয়া ছড়ানো আগুন। ছড়াচ্ছে পোড়া গন্ধ। উৎসুক জনতা দূর থেকে দেখছে, কেউ আগুন নেভাতে এগিয়ে যাচ্ছে না।
এ প্রসঙ্গে জানতে চাইলে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন বলেন, ‘বিষয়টি আমরা নজরদারিতে রেখেছি। শৃঙ্খলাবিরোধী কোনো কার্যক্রম পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন:








