রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় তল্লাশিচৌকিতে ব্যাগ তল্লাশির সময় দায়িত্বরত এক পুলিশ সদস্যের চোখের ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। আহত পুলিশ সদস্যের নাম মো. শাহ্ আলম। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
শনিবার এ ঘটনা ঘটে।
ঢামেক হাসপাতালে নিয়ে আসা যাত্রাবাড়ী থানার পুলিশ সদস্য নায়েক নজরুল ইসলাম বলেন, বেলা দুইটার দিকে যাত্রাবাড়ীর কুতুবখালী পকেট গেটসংলগ্ন এলাকায় পুলিশের তল্লাশিচৌকি চলছিল। একপর্যায়ে চারজন যুবক তল্লাশিচৌকিতে আসেন। তাঁদের মধ্যে একজনের কাছে থাকা ব্যাগ দেখে পুলিশের সন্দেহ হয়। পুলিশ ব্যাগটি তল্লাশি করতে গেলে যুবকদের একজন শাহ আলমের বাঁ চোখের ওপর ছুরিকাঘাত করে পালিয়ে যান। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু প্রথম আলোকে বলেন, ব্যাগটি উদ্ধার করা হয়েছে। তবে অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে গেছেন। ব্যাগের ভেতরে ককটেলসদৃশ বস্তু পাওয়া গেছে। পালানোর সময় পুলিশকে লক্ষ্য করে তাঁরা ককটেল বিস্ফোরণও ঘটিয়েছে। তাঁদের আটকের চেষ্টা চলছে।
আরও পড়ুন:








