শনিবার

২ মে, ২০২৬ ১৯ বৈশাখ, ১৪৩৩

ক্যান্সারের সঙ্গে লড়াই, টাকার অভাবে থমকে যাচ্ছে সাগরের চিকিৎসা

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ১৮:৪৩

শেয়ার

ক্যান্সারের সঙ্গে লড়াই, টাকার অভাবে থমকে যাচ্ছে সাগরের চিকিৎসা
ছবি: বাংলা এডিশন

বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাহারডাঙ্গা গ্রামের যুবক মো. সাগর মল্লিক মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। কিন্তু অর্থাভাবে তার চিকিৎসা এখন বন্ধ হওয়ার পথে। চিকিৎসকদের মতে, সময়মতো উন্নত চিকিৎসা নিশ্চিত করা গেলে তার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। এজন্য জরুরি ভিত্তিতে প্রয়োজন প্রায় পাঁচ লাখ টাকা।

সাগর কাহারডাঙ্গা গ্রামের মো. আলমগীর মল্লিকের ছেলে। দীর্ঘ প্রায় তিন বছর ধরে তিনি নানা জটিল রোগে ভুগছেন। ছয় মাস আগে চিকিৎসকদের পরীক্ষায় তার মাথায় টিউমার ধরা পড়ে। পরবর্তীতে বিস্তারিত পরীক্ষায় সেটি ক্যান্সারে রূপ নিয়েছে বলে নিশ্চিত করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা দিন দিন অবনতি হচ্ছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

শুরুতে স্থানীয়ভাবে চিকিৎসা চালানো হলেও উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অর্থ। আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর সহায়তায় এতদিন চিকিৎসা চালানো সম্ভব হলেও বর্তমানে পরিবারের পক্ষে খরচ বহন করা আর সম্ভব হচ্ছে না। পরিবারের কোনো জমি বা স্থাবর সম্পত্তি না থাকায় বিক্রি করে অর্থ সংগ্রহের সুযোগও নেই। বড় ছেলের চিকিৎসার খরচ চালাতে গিয়ে ছোট ছেলের পড়াশোনাও বন্ধ হয়ে গেছে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির সীমিত আয়ে সংসার চালানোই যেখানে কঠিন, সেখানে ক্যান্সারের মতো মরণব্যাধির চিকিৎসা তাদের জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে।

সাগরের মা রেক্সনা বেগম বলেন,আমার ছেলের চিকিৎসার জন্য যা ছিল সব ব্যয় করেছি। এখন আর কোনো সামর্থ্য নেই। সমাজের বিত্তবান মানুষ ও সরকারের সহায়তা পেলে আমার ছেলেটা বাঁচতে পারে।

পরিবারটি সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছে। দ্রুত প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করা গেলে সাগরকে উন্নত চিকিৎসার আওতায় এনে সুস্থ জীবনে ফিরিয়ে আনা সম্ভব বলে আশা করছেন চিকিৎসকরা।

সাহায্য করতে ইচ্ছুক ব্যক্তিরা সাগর মল্লিকের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই নম্বরে: ০১৭৫২১৩৪১৯২।



banner close
banner close