কক্সবাজারের চকরিয়ায় চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর দোকানে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। ভুক্তভোগীর দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর নাম ভাঙিয়ে তাকে হয়রানি করা হচ্ছে।
বৃহস্পতিবার চকরিয়া পৌর এলাকায় সংবাদ সম্মেলন করে প্রতিকার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ব্যবসায়ী মোহাম্মদ নোমান। তিনি কিসমত আলী পাড়া এলাকার মৃত মৌলভী নুর মোহাম্মদের ছেলে।
লিখিত বক্তব্যে নোমান জানান, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় স্বরাষ্ট্রমন্ত্রীর শপথের দিন ফাঁসিয়াখালীর গাবতলি বাজারে তার মালিকানাধীন ইত্যাদি স্টোরে দলবল নিয়ে এসে তালা ঝুলিয়ে দেন স্থানীয় বিএনপি নেতা নুরুল ইসলাম। অভিযুক্ত নুরুল ইসলাম ফাঁসিয়াখালীর ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক বলে উল্লেখ করেন তিনি।
নোমানের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে নুরুল ইসলামের এক নিকটাত্মীয় ইউপি চেয়ারম্যান হওয়ার পর তার দোকানে প্রথম দফা হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় মামলা হলে বিবাদীরা কারাগারে যান। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ইউনিয়ন বিএনপির এক নেতার মধ্যস্থতায় আপোষের মাধ্যমে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা দেয়া হয় যে ভবিষ্যতে দোকান নিয়ে কোনো বিরোধ সৃষ্টি করা হবে না।
তার অভিযোগ, সেই অঙ্গীকার ভঙ্গ করে পুনরায় দোকানটি দখলের চেষ্টা চলছে এবং বিভিন্ন সময় পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। সম্প্রতি চাঁদা না দেয়ায় দোকানে তালা দেয়া হয়েছে বলেও তিনি দাবি করেন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার কামনা করেন।
এ বিষয়ে অভিযুক্ত নুরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, সংশ্লিষ্ট দোকানটি তার এবং তিনি সেটি নিয়ন্ত্রণে নিয়েছেন। তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।
উল্লেখ্য, চকরিয়া ও পেকুয়া নিয়ে গঠিত কক্সবাজার-১ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে গত মঙ্গলবার সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন সালাহউদ্দিন আহমদ। শপথের পর কর্মদিবসের প্রথম দিনে সচিবালয়ে তিনি মব কালচার ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান।
আরও পড়ুন:








