মঙ্গলবার

২৮ এপ্রিল, ২০২৬ ১৫ বৈশাখ, ১৪৩৩

টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ২২:৫১

শেয়ার

টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল
ছবি: বাংলা এডিশন

টাঙ্গাইলের গোপালপুরে উপজেলায় দেড় বছর ধরে বন্ধ থাকা কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ কার্যালয়ের সামনে দলীয় ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলনের করেছে নেতাকর্মীরা।

বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। সকালেই এ সংক্রান্ত দেড় মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

ভিডিওতে দেখা যায়, গোপালপুর থানা গেট থেকে প্রায় ৫০ গজ দূরে অবস্থিত উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের প্রধান ফটকের সামনে ১০ থেকে ১৫ জন নেতাকর্মী জড়ো হন। উপজেলা আওয়ামী লীগের সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজের নেতৃত্বে তাঁরা প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ লেখা একটি ব্যানার টানিয়ে দেওয়া হয়। পরে সাইফুল ইসলাম তালুকদার সুরুজ সংক্ষিপ্ত বক্তব্য দেন। বক্তব্যে তিনি সাবেক সংসদ সদস্য ছোট মনিরের নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পরে উপস্থিত নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে স্থান ত্যাগ করেন। পরে সকালে বিক্ষুব্ধ ব্যক্তি গিয়ে ওই ব্যানার খুলে ফেলেন বলে জানা গেছে।

এ বিষয়ে গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম রুবেল বলেন, ভোর রাতে গোপনে মাইক্রোবাস করে এসে আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন। পরে তাৎক্ষণিক তারা চলে যায়। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে। এ ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ প্রসঙ্গে গোপালপুর থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার বলেন, ফজরের নামের আগে সেহেরির শেষ মুহুর্তে কয়েকজন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। এঘটনায় কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর একদল বিক্ষুব্ধ ব্যক্তি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেন। এরপর থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।



banner close
banner close