বৃহস্পতিবার

১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

গণভোট মানে না বিএনপি-নীলফামারীতে বিএনপি নেতার মন্তব্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ১৪:৩২

শেয়ার

গণভোট  মানে না বিএনপি-নীলফামারীতে বিএনপি নেতার মন্তব্য
ছবি: সংগৃহীত

হ্যাঁ-না ভোট’ বা গণভোট বিএনপি মানে না- সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন মন্তব্য করেন নীলফামারী জেলা ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম কাজল।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় একটি অনলাইন পোর্টালের ফেসবুক পেজে তার বক্তব্য সংবলিত ভিডিও প্রকাশের পর জেলা জুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

ভিডিওতে শফিকুল ইসলাম কাজল বলেন, নীলফামারীসহ রংপুর বিভাগে বিএনপির পরাজয় সুপরিকল্পিত। তার দাবি, বিএনপির প্রচুর ভোট থাকা সত্ত্বেও পরিকল্পিতভাবে আমাদের পরাজিত করা হয়েছে। তবে আমাদেরও কিছু দুর্বলতা ছিল।

তিনি বিশেষ করে ডোমার-ডিমলা আসনের প্রার্থী মনোনয়ন প্রসঙ্গে বলেন, তুহিন সাহেবের বিপরীতে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দিকে মনোনয়ন দেয়ায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়, যার ফলে নীলফামারী বিএনপির এমন অবস্থা।

কাজল আরও বলেন, যেখানে আমাদের আসনের একটি ওয়ার্ডে জামায়াত আগে ৩০-৪০টি ভোট পেত, সেখানে এবার ১২০০-১৩০০ ভোট পেয়েছে। এর কারণ অনুসন্ধান করা প্রয়োজন। তিনি অভিযোগ করে বলেন ২-৩ দিন আগে আমাদের বিএনপির কয়েকজন কর্মীকে মারধর করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা চলমান ও বিচারাধীন রয়েছে বলেও জানান তিনি। বৃহত্তর রংপুরে এই পরাজয় তারা মেনে নেবেন না উল্লেখ করে তিনি বলেন, আমরা নির্বাচন কমিশনসহ সারাদেশের মানুষের কাছে সুষ্ঠু বিচার দাবি করছি।

জামায়াতে ইসলামী প্রসঙ্গে কঠোর সমালোচনা করে তিনি বলেন, একাত্তরে পরাজিত শক্তি কীভাবে রাষ্ট্রক্ষমতায় আসার চিন্তা করে, তা দেশের মানুষ মেনে নেবে না। একই সঙ্গে তিনি জানান, বিএনপি ‘হ্যাঁ-না ভোট’ মানে না এবং এ বিষয়ে সারাদেশ থেকে আন্দোলনের হুমকি আসছে আমরা এই আন্দোলন মোকাবিলা করার জন্য প্রস্তুত আছি।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রিয়াজুর ইসলাম কালু বলেন, আমি বর্তমানে ঢাকায় আছি, ভিডিওটি দেখিনি। দেখে পরে জানাব। পরে বিএনপি গণভোটের বিপক্ষে কিনা এমন প্রশ্ন করা হলে তিনি মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।



banner close
banner close