গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয় এবং একজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার রাতে গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের মোগলটুলি এলাকায় ঢাকা–রংপুর মহাসড়কের মোগলটুলি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধার সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামের নির্দেশনায় পরিদর্শক তরুণ কুমার রায়ের নেতৃত্বে পরিচালিত অভিযানে সন্দেহভাজন সাদা রঙের একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১৭-৫৪৮২) তল্লাশি করা হয়। তল্লাশির সময় গাড়িটির গিয়ার লিভারের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় মো. রাব্বি মোরশেদ খান (৩৭) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন:








