বুধবার

১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৬ ফাল্গুন, ১৪৩২

মিরসরাইয়ে শিবির নেতার খামার থেকে ৪০টি ছাগল লুট

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৩১

শেয়ার

মিরসরাইয়ে শিবির নেতার খামার থেকে ৪০টি ছাগল লুট
ছবি: বাংলা এডিশন

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর রেলস্টেশনের পূর্ব পাশে অবস্থিত ‘আল বারাকা এগ্রো’ খামার থেকে ৪০টি ছাগল লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে এ ঘটনা ঘটে।

খামারের মালিক ও সাবেক শিবির নেতা আবু হেনা কায়সার জানান, ১২ থেকে ১৩ জন মুখোশধারী দুর্বৃত্ত গভীর রাতে খামারে প্রবেশ করে। তারা প্রথমে সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে যায়। পরে খামারের প্রহরীকে জোরপূর্বক ৪০টি ছাগলসহ একটি পিকআপে তুলে নেয়। রেললাইন পার হওয়ার পর প্রহরীকে ছেড়ে দিয়ে ছাগলগুলো নিয়ে পালিয়ে যায়।

এ সময় খামারের কর্মচারী নুরুল আফছারকে চোখ বেঁধে রাখা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। দুর্বৃত্তরা সিসিটিভি ক্যামেরা ও কিছু খাদ্যের বস্তাও নিয়ে যায় বলে জানান তিনি।

খামার মালিক আবু হেনা কায়সার বলেন, “আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে বিক্রির জন্য ছাগলগুলো প্রস্তুত করা হচ্ছিল। প্রতিটি ছাগলের মূল্য ১২ থেকে ১৩ হাজার টাকা হিসেবে ৪০টি ছাগলের আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা।” এ ঘটনায় তিনি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।

নিজামপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই জাকির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত কার্যক্রম চলছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



banner close
banner close