বুধবার

১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৬ ফাল্গুন, ১৪৩২

চাঁদপুরের অর্ধশত গ্রামে রোজা শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:০৮

শেয়ার

চাঁদপুরের অর্ধশত গ্রামে রোজা শুরু
ছবি: সংগৃহীত

চাঁদপুর প্রতিনিধি: সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ায় বুধবার চাঁদপুরের হাজীগঞ্জ সাদ্রা দরবার শরীফসহ জেলার প্রায় অর্ধশত গ্রামে রোজা শুরু হয়েছে।

মঙ্গলবার দিনগত রাতে বিষয়টি নিশ্চিত করেন ঐতিহাসিক সাদ্রা দরবার শরীফের পীরজাদা ড. বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী।

সাদ্রা দরবার শরীফ ছাড়াও জেলার মতলব উত্তর উপজেলার সাতকানিয়া মির্জাখীল দরবার শরীফের তারাবির নামাজ আদায় এবং সেহেরী খাওয়ার মাধ্যমে রোজা শুরু করেছে সেখানকার অনুসারীরা।

এসব তথ্য নিশ্চিত করেন বর্তমান পীর ইমামুল আরেফিন ড. মাওলানা সৈয়দ মোহাম্মদ মাকসুদুর রহমান।

এছাড়া জেলার হাজীগঞ্জ উপজেলার সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর, বাসারা, ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর, মতলব উত্তর উপজেলার দশানী, মোহনপুর, পাঁচানী এবং কচুয়া ও শাহরাস্তি উপজেলার কয়েকটি গ্রামের বাসিন্দারা বুধবার থেকে প্রথম রোজা পালন শুরু করেছেন।

সাদ্রা দরবার শরীফের পীরজাদা ড. বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী বলেন, প্রথমে আমরা সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে চাঁদ দেখার জন্য অপেক্ষা করছিলাম। পরবর্তীতে সৌদি আরবের আকাশে চাঁদ দেখা যাওয়ায় সাদ্রা দরবার শরীফে তারাবি ও রোজা রাখার সিদ্ধান্ত হয়।

তিনি আরো বলেন, আগাম রোজা ও দুই ঈদ পালনের প্রবর্তক সাদ্রা দরবার শরীফের পীর মরহুম মাওলানা ইসহাক (রহ.)। ১৯৩২ সাল থেকে সাদ্রা দরবার শরিফের পীর সৌদি আরব কিংবা মধ্যপ্রাচ্যের কোথাও চাঁদ দেখা গেলে, তার সাথে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের নিয়ম চালু করেন।



banner close
banner close