মঙ্গলবার

১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৫ ফাল্গুন, ১৪৩২

সিরাজগঞ্জে স্কুলছাত্র হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ২০:২৫

আপডেট: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ২০:২৮

শেয়ার

সিরাজগঞ্জে স্কুলছাত্র হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাত বছর বয়সী স্কুলছাত্র তামীম হোসেন হত্যা মামলায় তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে। মামলার অপর আসামি মান্নান আকন্দকে দুই বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা যায়, নিহত তামীম হোসেন উল্লাপাড়া উপজেলার নরসিংহপাড়া গ্রামে নানার বাড়িতে থেকে পড়াশোনা করত। ২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি নানার বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। পরদিন সকালে স্থানীয়দের মাধ্যমে জানা যায়, নরসিংহপাড়ার একটি সরিষা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের গলায় রশি প্যাঁচানো এবং মাথার পেছনে আঘাতের চিহ্ন ছিল।

এ ঘটনায় নিহতের পিতা সোলেমান ফকির বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে উল্লাপাড়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত চলাকালে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে তারা আদালতে দণ্ডবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। জবানবন্দিতে আধিপত্য বিস্তার সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে উল্লেখ করা হয়।

তদন্ত শেষে চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও প্রমাণ পর্যালোচনা শেষে আদালত তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং অপর একজনকে দুই বছরের কারাদণ্ড প্রদান করেন।

নিহত তামীম হোসেন উল্লাপাড়া উপজেলার চকপাঙ্গাসী গ্রামের বাসিন্দা সোলেমান ফকিরের ছেলে।



আরও পড়ুন:

banner close
banner close