ভোলার মনপুরা উপজেলায় দুর্বৃত্তদের হামলায় এক স্কুল শিক্ষক ও এক মসজিদের ইমাম আহত হওয়ার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। রবিবার দুপুরে উপজেলার ছমেদপুর বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ছমেদপুর বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা আবু সুফিয়ান এবং বাংলাবাজার জামে মসজিদের ইমাম ওহিদুর রহমান। স্থানীয়দের দাবি, পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, নিজেকে বিএনপির নেতা পরিচয়দানকারী হুমায়ুন কবির সভাপতি পদে আসীন হওয়ার লক্ষ্যে স্কুল কমিটি ও শিক্ষকদের ওপর বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে আসছিলেন। সম্প্রতি কমিটি অন্য একজনকে সভাপতি নির্বাচিত করলে তিনি ক্ষুব্ধ হন।
অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন হুমায়ুন কবিরের নির্দেশে কালাম ও ফারুকের নেতৃত্বে ৮-১০ জনের একটি দল বিদ্যালয়ে প্রবেশ করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু সুফিয়ানের ওপর হামলা চালায়। তাকে মারধর ও লাঞ্ছিত করা হয় বলে জানা গেছে। এ সময় শিক্ষককে রক্ষা করতে এগিয়ে এলে ইমাম ওহিদুর রহমানকেও বেধড়ক মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী
স্থানীয় সচেতন মহল মনে করছেন, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের ওপর হামলার ঘটনা এলাকায় উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে। দ্রুত সুষ্ঠু তদন্ত ও কঠোর ব্যবস্থা গ্রহণই পারে পরিস্থিতি স্বাভাবিক রাখতে।
আরও পড়ুন:








