সোমবার

১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৪ ফাল্গুন, ১৪৩২

সিরাজগঞ্জে বাসে মাদক পরিবহনকালে বুপ্রেনরফিন ইনজেকশনসহ আটক ১

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৫১

আপডেট: ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৫২

শেয়ার

সিরাজগঞ্জে বাসে মাদক পরিবহনকালে বুপ্রেনরফিন ইনজেকশনসহ আটক ১
ছবি: বাংলা এডিশন

সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসে মাদক পরিবহনের সময় ৯৬০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১২। এ সময় মাদক কেনাবেচায় ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব-১২ সূত্রে জানা যায়, ১৫ ফেব্রুয়ারি বেলা ১১টা ৫০ মিনিটে সদর কোম্পানির একটি আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল এলাকায় বগুড়া-ঢাকাগামী মহাসড়কে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বুপ্রেনরফিন ইনজেকশনসহ একজনকে আটক করা হয়।

আটক ব্যক্তি মো. দুলাল হোসেন । তার বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের উত্তর গোপালপুর গ্রামে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মোবাইল ফোনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় নেশাজাতীয় ইনজেকশন ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন বলে জানায় র‌্যাব।

র‌্যাব-১২ সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।



banner close
banner close