রবিবার

১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৩ ফাল্গুন, ১৪৩২

সিরাজগঞ্জে বাস–রিকশা সংঘর্ষে গৃহিণী নিহত, চালক আহত

সিরাজগঞ্জ, প্রতিনিধি

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১৩:১৭

শেয়ার

সিরাজগঞ্জে বাস–রিকশা সংঘর্ষে গৃহিণী নিহত, চালক আহত
ছবি: বাংলা এডিশন

সিরাজগঞ্জ পৌর শহরের বিয়ারা ঘাট এলাকায় বাস ও রিকশার মুখোমুখি সংঘর্ষে আখি খাতুন নামের এক গৃহিণী নিহত হয়েছেন। এ ঘটনায় রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। রবিবার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আখি খাতুন বিয়ারা ঘাট এলাকার ফারুক হোসেনের স্ত্রী। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, এসআই কাউন্টার থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে বিয়ারা ঘাট এলাকায় একটি রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশার যাত্রী আখি খাতুন ঘটনাস্থলেই মারা যান। আহত রিকশাচালককে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে উত্তেজনা সৃষ্টি হলে স্থানীয় বাসিন্দারা অল্প সময়ের জন্য সড়ক অবরোধ করেন। এতে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।



banner close
banner close