চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জগন্নাথপুর এলাকায় মোঃ বাবর আলির বাড়িতে পরিকল্পিতভাবে ভয়াবহ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে সংঘবদ্ধ সন্ত্রাসীরা।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে মুহূর্তের মধ্যে কয়েকজন দুর্বৃত্ত বাড়ির ভেতরে ঢুকে তাণ্ডব চালাতে শুরু করে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, হামলাকারীরা সবাই স্থানীয়ভাবে বিএনপি’র সক্রিয় নেতা-কর্মী। ব্যক্তিগত আক্রোশের জেরেই এ হামলা সংঘটিত হয়েছে বলে মনে করছেন এলাকাবাসী। হামলায় বিসিক, ডিডা, আরিকুলসহ আরও অনেকে অংশ নেয়। নেতৃত্ব দেয় এম. মেম্বার, পলাশ ও মনি। তাদের মধ্যে পলাশ নেতৃত্বের পাশাপাশি সরাসরি হামলায়ও অংশ নেয়।
হামলায় মারাত্মকভাবে আহত বাবর আলি বলেন, তিনি ও তার পরিবার বহুদিন ধরে বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত। এরপরও তাঁর ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। হামলাকারীরা তাঁর দুই ছেলেকেও নির্মমভাবে নির্যাতন করে। ভুক্তভোগী পরিবারটির দাবি, হামলা–ভাঙচুরে তাদের মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা।
পরিবারের সদস্যরা জানান, হামলাকারীরা বাড়ির সোফা, চেয়ার, টেবিল, খাট, দামি ঘড়িসহ সব আসবাবপত্র ভেঙে ফেলে। বাড়ির ৯টি জানালার থাই গ্লাস, এসএস স্টিলের গেট, একাধিক কাঠের দরজা ও নলকূপ ভেঙে দেওয়া হয়। এমনকি আঙিনার ফুল ও ফলের গাছও নষ্ট করে। ভুক্তভোগীরা জানায়, হামলাকারীদের উদ্দেশ্য ছিল বাড়িতে আগুন লাগিয়ে বড় ধরনের ক্ষতি সাধন করা।
হামলার প্রভাব পড়ে পাশের বাড়িতেও। দরিদ্র একটি পরিবারের টিনের ঘর ভেঙে অযোগ্য করে দেয় দুর্বৃত্তরা। একটি কাঠ কারখানার দুটি বক্স খাট, কয়েকটি চেয়ার, চার-পাঁচটি মিটসেফ এবং প্রায় দুই হাজার ইট নষ্ট করা হয়। এ ইট দিয়েই বাড়ির লোকজনকে আক্রমণ করা হয় বলে অভিযোগ। এতে সাদিকুল, ইশপ, আদুরি, সমশেরা, খাইরুন, সাকিল, নাসিমাসহ অন্তত ১০–১৫ জন আহত হন। ক্ষতির পরিমাণ প্রায় ২ লাখ টাকা।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী আজ শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে আহতদের সঙ্গে কথা বলেন। তিনি ঘটনাবলির বিস্তারিত শোনেন এবং সবাইকে ধৈর্য ও শান্ত থাকার আহ্বান জানান।
শিবগঞ্জ থানার ওসি মোঃ হুমায়ুন কবির জানান, এটি নির্বাচন-পরবর্তী হামলার ঘটনা। পুলিশ মোতায়েন এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে থানায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি; অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:








