শনিবার

১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ২ ফাল্গুন, ১৪৩২

সিরাজগঞ্জ উল্লাপাড়ায় চালের আড়তে হামলা-ভাঙচুরের অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১৫:২৬

আপডেট: ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১৫:২৮

শেয়ার

সিরাজগঞ্জ উল্লাপাড়ায় চালের আড়তে হামলা-ভাঙচুরের অভিযোগ
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনায় এক বিএনপি নেতার চালের আড়তে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত কর্মীদের বিরুদ্ধে। শুক্রবার ভোররাত প্রায় ৪টার দিকে উপজেলার উধুনিয়া ইউনিয়নের গজাইল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আব্দুল লতিফ উধুনিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। তার দাবি, সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে ভোররাতে তার চালের আড়তে হামলা চালানো হয়। এ সময় আড়তের বিভিন্ন মালামাল ভাঙচুরের পাশাপাশি প্রায় এক হাজার বস্তা চাল, নগদ অর্থ, একটি টেলিভিশন, হিসাব-খাতা, আসবাবপত্র এবং দুটি মোটরসাইকেল নিয়ে যাওয়া হয়েছে। এতে প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। বিষয়টি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অভিযোগ অস্বীকার করেছেন উধুনিয়া ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল আলীম। তার ভাষ্য অনুযায়ী, নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং বিএনপি সমর্থকদের একটি অংশ বিভিন্ন স্থানে মিছিল ও ভাঙচুরে জড়িত ছিল। পরবর্তীতে নিজেদের দায় আড়াল করতেই তাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে বলে তিনি দাবি করেন।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিউল আযম জানান, আড়ত ভাঙচুরের খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।



banner close
banner close