শুক্রবার

১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১ ফাল্গুন, ১৪৩২

জুমার নামাজে ইমামতি করলেন নির্বাচিত এমপি আমির হামজা

কুষ্টিয়া, প্রতিনিধি

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১৭:৩৯

শেয়ার

জুমার নামাজে ইমামতি করলেন নির্বাচিত এমপি আমির হামজা
ছবি: বাংলা এডিশন

নির্বাচিত হয়েই নিজ গ্রামের মসজিদে জুমার নামাজের ইমামতি করলেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের নবনির্বাচিত এমপি মুফতি আমির হামজা। তার গ্রামের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিড়াভিটা সর্দারপাড়া গ্রামে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে কুষ্টিয়া-৩ (সদর) আসনে প্রায় ৫০ হাজারের বেশি ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করে এমপি নির্বাচিত হন আমির হামজা।

দলীয় সূত্র জানায়, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাবা রিয়াজ উদ্দিন এবং চাচাদের নিয়ে জুমার নামাজ আদায়ের উদ্দেশে গ্রামের বাড়ি থেকে এলাকার ডাবিড়া ভিটা সর্দারপাড়া জামে মসজিদে যান মুফতি আমির হামজা। এসময় তার সঙ্গে কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দার, ইবি থানা জামায়াতের আমির রফিকুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমির হামজা ওই মসজিদে জুমার নামাজে ইমামতি করেন। নামাজ শেষে মোনাজাতে তিনি মহান আল্লাহু তায়ালার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায়ের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করেন।

এর আগে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মুফতি আমির হামজা বলেন, ‌‘কুষ্টিয়ায় জিরো টলারেন্স দিয়েছি বিশেষ করে চাঁদাবাজির ওপরে। চাঁদাবাজি, দখলবাজি কুষ্টিয়ায় ইনশাআল্লাহ আমরা রাখবো না। এতে যদি ঝুঁকি নিতে হয় তাও নেবো।’

কুষ্টিয়া-৩ আসনে মুফতি আমির হামজা এক লাখ ৮০ হাজার ৬৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার পেয়েছেন এক লাখ ২৬ হাজার ৯০৯ ভোট।

এদিকে নির্বাচনে পরাজিত হওয়ার পরপরই বিএনপির প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার তার নিজ ফেসবুক আইডি থেকে মুফতি আমির হামজাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।



banner close
banner close