ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ৬টি সংসদীয় আসনের মধ্যে ৫টিতে জামায়াত ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। একমাত্র যশোর-৩ আসনে জয় পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলা রিটার্নিং অফিসার মো. আশেক হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
যশোর-১ (শার্শা) আসনে জয়ী হয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আজীজুর রহমান। ১০২ কেন্দ্রে তার প্রাপ্ত ভোট ১ লাখ ১৯ হাজার ৯৩। নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটন পেয়েছেন ৯৩ হাজার ৫৪২ ভোট। ২৫ হাজার ৫৫১ ভোট বেশি পেয়েছে দাঁড়িপাল্লা প্রতীক। এ আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
যশোর-২ আসনে (ঝিকরগাছা-চৌগাছা) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১ লাখ ৭১ হাজার ৯৯১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাবিরা সুলতানা পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৩২২ ভোট। তিনি বিজয়ী ফরিদের চেয়ে ২৫ হাজার ৬৬৯ ভোট কম পেয়েছেন। এ আসনে ৮ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
যশোর-৩ (সদর) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। মোট ১৯০ কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ১ লাখ ৯৯ হাজার ৬৪৭ ভোট। আর দাঁড়িপাল্লা পেয়েছে ১ লাখ ৮৪ হাজার ৪৫৯ ভোট। অর্থ্যাৎ ১৫ হাজার ১৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন অনিন্দ্য ইসলাম অমিত। এ আসনে মোট প্রার্থী ছিলেন ৬ জন।
যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর-বসুন্দিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের গোলাম রছুল বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১ লাখ ৭৭ হাজার ৫৩৩। তার সাথে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ধানের শীষ প্রতীকের মতিয়ার রহমান ফারাজীর। ফারাজী পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ১৭২ ভোট। ৪৯ হাজার ৩৬১ ভোটে হেরে গেছে ধানের শীষ। এ আসনে মোট প্রার্থী ছিলেন ৭ জন।
যশোর-৫ (মনিরামপুর) আসনে ত্রিমুখী লড়াই হয়েছে। এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী গাজী এনামুল হক বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট এক লাখ ৩২ হাজার ৮৫৮। বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত হয়ে এ আসনে নির্বাচন করা শহীদ মো. ইকবাল হোসেন দ্বিতীয় অবস্থানে রয়েছেন। তার প্রাপ্ত ভোট ৮৫ হাজার ৫১৭। তৃতীয় অবস্থানে রয়েছেন বিএনপি জোট থেকে মনোনয়ন পাওয়া জমিয়াতে উলামায়ে ইসলামের রশীদ আহমাদ। তার প্রাপ্ত ভোট ৫৫ হাজার ৪১৯। এ আসনে মোট প্রার্থী ছিলেন ৬ জন।
যশোর-৬ (কেশবপুর) আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোক্তার আলী। তিনি পেয়েছেন ৯২ হাজার ২৫৩ ভোট। বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল হোসেন আজাদ পেয়েছেন ৭৯ হাজার ৯৭৯ ভোট। ১২ হাজার ২৭৪ ভোট বেশি পেয়েছে দাঁড়িপাল্লা। এ আসনে মোট প্রার্থী ছিলেন ৫ জন।
আরও পড়ুন:








