বৃহস্পতিবার

১২ ফেব্রুয়ারি, ২০২৬ ৩০ মাঘ, ১৪৩২

পাবনায় জামায়াতের এজেন্টকে কেন্দ্রে প্রবেশে বাধা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৮:২৮

শেয়ার

পাবনায় জামায়াতের এজেন্টকে কেন্দ্রে প্রবেশে বাধা
ছবি: সংগৃহীত

পাবনা-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী নাজিবুর রহমানের এক এজেন্টকে ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দেয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরুর আগমুহূর্তে করমজা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রের দাবি, সকালবেলা ভোটগ্রহণের প্রস্তুতির সময় ওই এজেন্ট কেন্দ্রে ঢুকতে গেলে বাধা দেয়া হয়। এ নিয়ে কেন্দ্রে কিছু সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে কেন্দ্রের পরিবেশ স্বাভাবিক হয়।

এদিকে সকাল সাড়ে ৭টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। শেরপুর-৩ আসনে প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত রয়েছে। ভোট চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। একই সঙ্গে সংবিধান সংস্কার ও ‘জুলাই জাতীয় সনদ’ বিষয়ে গণভোট অনুষ্ঠিত হচ্ছে।

নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে রয়েছে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, পুলিশ, আনসার, বিজিবি, র‌্যাবসহ বিভিন্ন বাহিনীর মোট ৯ লাখ ৫৮ হাজার সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে সশস্ত্র বাহিনীর সদস্য রয়েছেন ১ লাখ ৮ হাজারের বেশি।

গণভোটের কারণে ভোটগ্রহণ এক ঘণ্টা বাড়িয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হবে। এরপর কেন্দ্রেই গণনা শুরু হবে। ফলাফল কেন্দ্রের নোটিশ বোর্ডে টানানো হবে এবং ধাপে ধাপে প্রকাশ করা হবে। নির্বাচন কমিশন আশা করছে, ১৩ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ফল জানা যাবে।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর এটি প্রথম সাধারণ নির্বাচন। সংস্কার প্রক্রিয়া শেষে অনুষ্ঠিত এ নির্বাচন ও গণভোট ঘিরে দেশজুড়ে রয়েছে ব্যাপক আগ্রহ ও শান্তিপূর্ণ ভোটের প্রত্যাশা।



banner close
banner close