বুধবার

১১ ফেব্রুয়ারি, ২০২৬ ২৯ মাঘ, ১৪৩২

রাজশাহী বিভাগে মোতায়েন থাকবে ১ লক্ষ ৪ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ২০:৩৭

শেয়ার

রাজশাহী বিভাগে মোতায়েন থাকবে ১ লক্ষ ৪ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য
ছবি:বাংলা এডিশন

নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজশাহী বিভাগের আইনশৃঙ্খলা রক্ষার্থে মোতায়েন থাকবে এক লক্ষ চার হাজার ৬৬ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এর মধ্যে ১০ হাজার সেনাবাহিনীর সদস্য, বিজিবি চার হাজার ১২৩ জন, রেঞ্জ পুলিশ ১৩ হাজার ৭৯৬ জন, আরএমপি দুই হাজার ৪০৫ জন, র‌্যাব এক হাজার ছয় জন, আনসার ৭২ হাজার ৭৩৬ জন। এছাড়াও বিভাগে ২১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৩৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন বলে গণমাধ্যমকর্মীদের জানান বিভাগী কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ।

বুধবার রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যম কর্মীদের তিনি এসব তথ্য প্রদান করেন। সংবাদ সম্মেলনে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের সার্বিক দিক তুলে ধরেন তিনি।

ভোট কেন্দ্রের নিরাপত্তার ব্যাপারে বিভাগীয় কমিশনার বলেন, রাজশাহী বিভাগে মোট ৩৯টি আসন রয়েছে। বিভাগে মোট ভোটকেন্দ্র আছে ৫ হাজার ৫০৪টি। প্রতি আসনে ২ হাজার ৬৬৮ জন করে আইন শঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে। এছাড়া, প্রতি ভোটকেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তা সদস্য দায়িত্ব পালন করবেন। ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্তরভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিভাগে মোট ভোটার সংখ্যা এক কোটি ৬৩ লাখ ৭৭ হাজার ৯৬ জন। ভোটকেন্দ্রে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং অপ্রীতিকর ঘটনা রোধে রাজশাহী বিভাগের ৫ হাজার ২৬৬টি কেন্দ্রে এবং নিরাপত্তা কর্মীদের সঙ্গে ২ হাজার ৩১৮টি বডি ওর্ন ক্যামেরা স্থাপন করা হবে, বলেন বিভাগীয় কমিশনার বজলুর রশীদ।

নির্বাচনের আগে কতগুলো অবৈধ অস্ত্র উদ্ধার হয়েছে তা জানতে চাইলে তিনি বলেন, ১ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক ৫৬টি আগ্নেয়াস্ত্র, রেঞ্জ পুলিশ করেছে ৭৪টি আগ্নেয়াস্ত্র ও ৪৩৩টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। নির্বাচনের আগে বৈধ অস্ত্র জমা পড়েছে ৪ হাজার ৫৯৪টি। সহিংসতা প্রতিরোধে ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচনকালীন সময়ে গোয়েন্দা নজরদারি, টহল ও চেকপোস্ট কার্যক্রম পূর্বের তুলনায় আরও জোরদার করা হয়েছে। কেন্দ্রগুলোতে বিদ্যুৎ সরবরাহ শতভাগ নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করা হয়েছে।

সীমান্তবর্তী স্থানে আইন শঙ্খলা বাহিনীর উপস্থিতি ও নিরাপত্তার ব্যাপারে তিনি বলেন, সীমান্তবর্তী এলাকায় নদীপথে আমাদের নৌ পুলিশ সহ নৌবাহিনী, র‌্যাব, পুলিশ ও অধিক সংখ্যক বিজিবি সদস্য নিয়োজিত আছেন। ঝুঁকিপূর্ণ এলাকা বিবেচনা পূর্বক আমরা একেক স্থানের একেক রকমের নিরাপত্তা ব্যবস্থায় পদক্ষেপ গ্রহণ করেছি।

ভোটের প্রস্তুতির বিষয়ে বিভাগীয় কমিশনার বজলুর রশীদ জানান, সকাল থেকেই হাজী মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয়ে রাজশাহী-২ আসনের ১১৫টি কেন্দ্রের সরঞ্জামাদি সহ সকল প্রয়োজনীয় উপকরণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্টদের নিয়ে নিজ নিজ কেন্দ্রে পাঠানো হয়েছে। বিকেল নাগাদ প্রত্যেকটি কেন্দ্রে তা পৌঁছে গেছে। এবং দু’দিন আগেই রাজশাহী বিভিন্ন জেলা ও উপজেলাগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ব্যালট বাক্স সহ নির্বাচনের সকল মালামাল পৌঁছে দেয়া হয়েছে। তিনি বলেন, রাজশাহী অনেক শান্তিপূর্ণ জায়গা। নির্বাচন নিয়ে রাজশাহী বিভাগে তেমন কোনো অপ্রীতিকর ঘটনার আশংকা নেই। কোথাও কোনো দু’একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটলে পরে তা দ্রুত সামাল দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।



banner close
banner close