আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাগেরহাটে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপারসহ ভোটগ্রহণ সামগ্রী পাঠানো হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে এসব সরঞ্জাম হস্তান্তর করা হয়।
ব্যালট পেপার, স্বচ্ছ ব্যালট বাক্স, সিল, কলমসহ প্রয়োজনীয় সব উপকরণ জেলার ৯টি উপজেলার ৫৪৭টি ভোটকেন্দ্রের জন্য একযোগে পাঠানো হচ্ছে। নছিমন, ভ্যান, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহনে করে আনসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় প্রিজাইডিং কর্মকর্তারা কেন্দ্রগুলোতে সরঞ্জাম পৌঁছে দিচ্ছেন। কেন্দ্রের দূরত্ব অনুযায়ী সন্ধ্যার মধ্যেই সব নির্বাচনী সামগ্রী পৌঁছে যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোসা. আতিয়া খাতুন বলেন, প্রিজাইডিং কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার পরই ভোটগ্রহণ সামগ্রী বিতরণ শুরু হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিটি কেন্দ্রে সরঞ্জাম পৌঁছে যাবে।
জেলায় ৪টি আসনে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ১২ ফেব্রুয়ারি ১৩ লাখ ৬১ হাজার ১১১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
আরও পড়ুন:








