আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সীমান্ত এলাকায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীন মাসুদপুর বিওপির একটি বিশেষ টহলদল মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি জব্দ করেছে।
বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত থেকে প্রায় ২০০ গজ অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে অস্ত্রগুলো পড়ে থাকতে দেখা যায়। পরবর্তীতে সেগুলো উদ্ধার করে ব্যাটালিয়নে নিয়ে আসা হয়।
দুপুরে ৫৩ বিজিবির সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি। তিনি বলেন, আসন্ন নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দুষ্কৃতকারীরা দেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করতে পারে—এমন আশঙ্কায় সীমান্তজুড়ে বিশেষ টহল, চেকপোস্ট স্থাপন ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে সারা দেশে বিজিবি ৩৪টি পিস্তল, ২টি রাইফেল, ৩৮টি ম্যাগজিন, ৬৪৫ রাউন্ড গুলি, মর্টার শেল, ককটেল, হ্যান্ড গ্রেনেড ও বিস্ফোরকসহ মোট ৫৪টি অস্ত্র জব্দ করেছে। এর মধ্যে ৫৩ বিজিবি একাই ৯.৩ কেজি বিস্ফোরক, ৬টি পিস্তল, ১৩টি ম্যাগজিন ও ২৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
অধিনায়ক জানান, মাসুদপুর সীমান্তে জব্দ হওয়া অস্ত্রগুলো দেশে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিজিবি সীমান্ত নিরাপত্তায় সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন:








