রবিবার

৮ ফেব্রুয়ারি, ২০২৬ ২৬ মাঘ, ১৪৩২

জামায়াত গুপ্ত এবং আ. লীগ প্রকৃত স্বাধীনতার পক্ষের দল: বিএনপি প্রার্থী শাহজাহান মিঞা

চাঁপাইনবাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ২০:২৯

আপডেট: ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ২১:১৫

শেয়ার

জামায়াত গুপ্ত এবং আ. লীগ প্রকৃত স্বাধীনতার পক্ষের দল: বিএনপি প্রার্থী শাহজাহান মিঞা
ছবি: বাংলা এডিশন

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী এবং বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা বলেছেন, প্রকৃত অর্থে আওয়ামী লীগ ও বিএনপিই স্বাধীনতার পক্ষের শক্তি।

রবিবার বিকেলে কানসাট ইউনিয়ন শাখা বিএনপির আয়োজনে কানসাট রাজবাড়ী মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে একটি দল। এ সময় তিনি অভিযোগ করেন, একটি গুপ্ত সংগঠনের কিছু কর্মী ফোনে বিভিন্নভাবে বিএনপি সমর্থকদের হুমকি দিচ্ছে।

এমন কর্মকাণ্ড থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনাদের বলছি, বিএনপির বিরুদ্ধে কেউ উসকানি দিলে তাৎক্ষণিকভাবে প্রতিহত করবেন। ভোটের দিন সব প্রস্তুতি নিয়ে কেন্দ্রে যাবেন এবং ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র ছেড়ে যাবেন না।

জামায়াতে ইসলামীকে গুপ্ত ও স্বাধীনতা বিরোধী দল আখ্যা দিয়ে বলেন, “৭১ সালের মুক্তিযুদ্ধের সময় তারা পাকিস্তানের পক্ষে কাজ করেছে এবং দেশের জন্য কোনও ইতিবাচক ভূমিকা রাখেনি। প্রকৃত অর্থে আওয়ামী লীগ ও বিএনপিই স্বাধীনতার পক্ষের শক্তি। তারা এদেশের স্বাধীনতার বিরোধীতা করেছে।”

সভায় অধ্যাপক শাহজাহান মিঞা শিবগঞ্জ-কানসাট এলাকার উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে কানসাটে বেকারদের জন্য একটি আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে, যাতে কম খরচে বিদেশমুখী কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। পাশাপাশি সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত রেল যোগাযোগ চালুর প্রতিশ্রুতিও দেন। আম উৎপাদন ও বাজার ব্যবস্থাপনা আধুনিকায়নেরও পরিকল্পনার কথা জানান তিনি।

বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনগণের অধিকার ও উন্নয়ন প্রত্যাশা নিয়ে বক্তব্য রাখেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

কানসাট ইউনিয়ন শাখা বিএনপির সভাপতি মাসুদ রানা টমাস মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত। বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আশরাফুল হক, সদস্য সচিব তোসিকুল আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া জনসভায় পুরুষের পাশাপাশি নারী নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।



banner close
banner close