রবিবার

৮ ফেব্রুয়ারি, ২০২৬ ২৬ মাঘ, ১৪৩২

রাজনৈতিক দলের বিরুদ্ধে সরকারি কর্মচারীর বিতর্কিত ফেসবুক পোস্ট

চাঁদপুর, প্রতিনিধি

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১৪:১৩

শেয়ার

রাজনৈতিক দলের বিরুদ্ধে সরকারি কর্মচারীর বিতর্কিত ফেসবুক পোস্ট
ছবি: সংগৃহীত

সরকারি কর্মচারী আচরণ বিধিমালা লঙ্ঘন করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে নিয়মিত পোস্ট ও শেয়ার করার অভিযোগ উঠেছে নাছির হোসেন সোহেলের বিরুদ্ধে। তিনি চাঁদপুরের কচুয়া উপজেলার কচুয়া দক্ষিণ ইউনিয়ন পরিষদে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত রয়েছেন।

স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, নাছির হোসেন সোহেল তার ব্যক্তিগত ফেসবুক আইডি ‘Nasir Hosain Sohel’ থেকে প্রায় প্রতিদিন রাজনৈতিক বিষয়ক পোস্ট করেন এবং অন্যের পোস্টে উস্কানিমূলক ও প্রশ্নবোধক মন্তব্য যুক্ত করে শেয়ার দিয়ে থাকেন।

সংশ্লিষ্ট বিধান অনুযায়ী, সরকারি কর্মচারীদের কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে প্রকাশ্যে পোস্ট, ভিডিও প্রচার কিংবা কটুক্তিমূলক মন্তব্য করা সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর বিধি ২৫(১) ও ২৫(৩)-এর পরিপন্থি। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ড সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ২(খ) অনুযায়ী ‘অসদাচরণ’-এর আওতাভুক্ত।

স্থানীয়দের অভিযোগে আরও বলা হয়, নাছির হোসেন সোহেল দীর্ঘদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের কার্যক্রম চালিয়ে আসছেন। তার ফেসবুক অ্যাকাউন্টের বিভিন্ন পোস্টের স্ক্রিনশট সংরক্ষণ করা হয়েছে। বিষয়টি নিয়ে কথা বলার পর তিনি তার টাইমলাইন থেকে সংশ্লিষ্ট কিছু পোস্ট মুছে ফেলতে শুরু করেন বলে জানা গেছে।

শনিবার রাত আনুমানিক পৌনে ১০টার দিকে এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলে নাছির হোসেন সোহেল বলেন, “সরকারি কর্মচারীরা এ ধরনের পোস্ট করতে পারে না। এটি আমার করা ঠিক হয়নি।”

তবে অনুসন্ধানে জানা গেছে, শুধু সাম্প্রতিক সময়েই নয়, এর আগেও তিনি নিয়মিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক বিষয়ে সক্রিয় ছিলেন। স্থানীয়দের অভিযোগ, তাকে প্রায়ই জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগে বিভিন্ন কাজে উপস্থিত থেকে দালালির ভূমিকা পালন করতে দেখা যায়। এছাড়া তিনি নিজেকে একটি সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি দাবি করে প্রভাব বিস্তারের চেষ্টা করেন বলেও অভিযোগ রয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় সচেতন মহল, যাতে বিষয়টি যথাযথভাবে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।



banner close
banner close