সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় ভোটকেন্দ্র দখল ও অনিয়ম প্রতিরোধে সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি আসন্ন নির্বাচনে কেন্দ্র দখল বা ভোটে অনিয়মের চেষ্টা প্রতিহত করার বিষয়ে সংগঠনের প্রস্তুতির কথা তুলে ধরেন।
শনিবার বিকেলে উপজেলার আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় তিনি এসব বিষয় উল্লেখ করেন। বক্তব্যে তিনি দেশের স্বাধীনতা-পরবর্তী সময়ের বিভিন্ন রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ার প্রসঙ্গ তুলে ধরেন এবং নতুনভাবে রাষ্ট্র পরিচালনায় জনগণের প্রত্যাশার বিষয়টি উল্লেখ করেন। একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে ত্যাগ স্বীকারের মানসিকতার কথাও তুলে ধরা হয়।
উপজেলা জামায়াতের আমীর আরুফুল ইসলাম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী মঞ্জুর কাদের। এছাড়া সিরাজগঞ্জ-৫ আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় সমর্থিত প্রার্থী অধ্যক্ষ আলহাজ আলি আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ইব্রাহিম রনি, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মাহবুবুর রশীদ শামীম, জেলা জাতীয় যুব শক্তির সদস্য সচিব মুসা হাসেমীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বেলকুচি ও চৌহালী উপজেলার জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। সমাবেশে আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর পক্ষে ভোট দেয়ার আহ্বান জানানো হয়।
আরও পড়ুন:








