শনিবার

৭ ফেব্রুয়ারি, ২০২৬ ২৫ মাঘ, ১৪৩২

কুষ্টিয়ায় বেপরোয়া গতির মোটরসাইকেল কেড়ে নিল দুই স্কুলছাত্রের প্রাণ

কুষ্টিয়া, প্রতিনিধি

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:০৪

শেয়ার

কুষ্টিয়ায় বেপরোয়া গতির মোটরসাইকেল কেড়ে নিল দুই স্কুলছাত্রের প্রাণ
ছবি: বাংলা এডিশন

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সপ্তম শ্রেণির ছাত্র রহমত ও সাহাবির মৃত্যু হয়েছে। প্রাইভেট পড়া শেষে বেপরোয়া গতিতে বাড়ি ফেরার পথে তাদের মৃত্যু হয়।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দৌলতখালী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন উপজেলার দৌলতখালী চৌহদ্দিপাড়া গ্রামের হেকমত আলীর ছেলে রহমত এবং একই গ্রামের আমিনুল ইসলামের ছেলে সাহাবি। গুরুতর আহত শিক্ষার্থীর নাম সাইফ আলী। তারা তিনজনই দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে মোটরসাইকেলে করে দৌলতখালী মাদ্রাসা মোড়ে প্রাইভেট পড়তে যায় রহমত, সাহাবি ও সাইফ। প্রাইভেট পড়া শেষ করে কিশোরীনগর সড়ক দিয়ে বাড়ি ফেরার পথে দ্রুতগতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা দেয়।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রহমত ও সাহাবিকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাইফ আলীকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত এবং একজন আহত হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।



আরও পড়ুন:

banner close
banner close