শনিবার

৭ ফেব্রুয়ারি, ২০২৬ ২৫ মাঘ, ১৪৩২

নাশকতার আশঙ্কায় বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্রসহ আটক এক

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৪০

শেয়ার

নাশকতার আশঙ্কায় বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্রসহ আটক এক
ছবি: বাংলা এডিশন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বাঁশখালীতে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রসহ এক তালিকাভুক্ত সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকায় এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তির নাম জামির উদ্দিন। তিনি ওই এলাকার বাসিন্দা এবং পুলিশের তালিকাভুক্ত অপরাধী বলে জানিয়েছে সেনাবাহিনী।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত একজন ব্যক্তি এলাকায় অবস্থান করছে। তথ্য যাচাই-বাছাই শেষে বাঁশখালী আর্মি ক্যাম্প থেকে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।

অভিযানকালে বাহারছড়া ইউনিয়নের একটি স্থানীয় দোকানের সামনে থেকে জামির উদ্দিনকে আটক করা হয়। পরবর্তীতে তাকে তার বসতবাড়িতে নিয়ে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি পিস্তল, দুটি তাজা গুলি এবং একটি রামদা উদ্ধার করা হয়।

বাঁশখালী ক্যাম্পের ক্যাম্প কমান্ডার জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতামূলক তৎপরতা প্রতিহত করতে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে জনগণের জানমাল ও রাষ্ট্রীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সেনাবাহিনীর কার্যক্রম চলমান থাকবে।

আটক ব্যক্তিকে উদ্ধারকৃত অস্ত্রসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।



আরও পড়ুন:

banner close
banner close