ঢাকায় হাদির বিচার দাবিতে চলমান আন্দোলনে ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দের ওপর হামলার প্রতিবাদে চাঁদপুরে সড়কে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা। মুহুর্মুহু স্লোগানে উত্তাল হয়ে ওঠে চাঁদপুরের রাজপথ।
শুক্রবার রাত ৯টার পর থেকে শহরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয় ছাত্র-জনতা। এতে ইনকিলাব মঞ্চ, জুলাই মঞ্চসহ বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠন সংহতি জানিয়ে অংশগ্রহণ করে।
অবস্থান কর্মসূচির একপর্যায়ে বিক্ষুব্ধ ছাত্র-জনতা মিছিল নিয়ে পুলিশ সুপারের কার্যালয় পর্যন্ত যায়। সেখানে তারা হামলার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেয় এবং অবস্থান কর্মসূচি অব্যাহত রাখে।
এ সময় তারা জানান, ঢাকায় শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেয়া নেতাকর্মীদের ওপর হামলা গণতান্ত্রিক অধিকার হরণের শামিল। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় না আনা হলে সারাদেশে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
উপস্থিত ছাত্র জনতার দাবি, পুলিশ সুপার মহোদয় এসে আমাদের দাবি-দাওয়া গুলো শুনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস প্রদান করলে তবেই এই অবস্থান কর্মসূচি থেকে আমরা ফিরে যাব।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচি চলমান রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে চাঁদপুর সদর সার্কেল ও মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
এ বিষয়ে চাঁদপুরের পুলিশ সুপার মোঃ রবিউল হাসান বলেন, ছাত্র জনতার সকল দাবি দাওয়ার সাথে আমি একমত। ছাত্র-জনতার দাবি অনুসারে যথাযথ প্রক্রিয়া বিচারের প্রত্যাশা আমিও করছি।
আরও পড়ুন:








