আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে দলবদলের আলোচনার মধ্যে জামায়াতের নেতাকর্মীদের বিএনপিতে যোগদানের খবরকে ভিত্তিহীন ও মিথ্যা দাবি করে প্রতিবাদ জানিয়েছেন ধাইনগর ইউনিয়ন শাখা জামায়াতের আমীর মো. মোজতাহিদুল ইসলাম।
মঙ্গলবার বিকেলে শিবগঞ্জ উপজেলার ধাইনগরে বিএনপির এক পথসভায় ৩০ জন জামায়াত কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। বিভিন্ন গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশিত হলে রাতেই দলীয় প্যাডে পাঠানো এক প্রতিবাদ লিপিতে তিনি এ দাবি প্রত্যাখ্যান করেন।
প্রতিবাদ লিপিতে মোজতাহিদুল ইসলাম বলেন, “আমাদের ইউনিয়নের কোনো নেতা-কর্মী বা সমর্থক বিএনপি কিংবা অন্য কোনো রাজনৈতিক দলে যোগদান করেননি।” তিনি দাবি করেন, গণমাধ্যমে যাদের নাম প্রচার করা হয়েছে, তারা জামায়াতের কেউ নন। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, ৫ নম্বর ওয়ার্ডের মো. শাহ-আলম ছিলেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের থানা কমিটির সাবেক সদস্য এবং ৪ নম্বর ওয়ার্ডের মো. মজিদ আলী দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
তিনি বলেন, এ ধরনের ভুয়া ও বিভ্রান্তিকর সংবাদ বাস্তবতার সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। একটি কুচক্রী মহল জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যে এসব অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
মোজতাহিদুল ইসলাম আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ধাইনগর ইউনিয়ন শাখা দীর্ঘদিন ধরে আদর্শ, নৈতিকতা ও সাংগঠনিক শৃঙ্খলার ভিত্তিতে রাজনীতি করে আসছে। সংগঠনের নেতা-কর্মীরা আদর্শের প্রতি অবিচল, ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল।
একই সঙ্গে তিনি গণমাধ্যমকে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানান। তিনি বলেন, ভবিষ্যতে কোনো সংবাদ প্রকাশের আগে যথাযথ যাচাই-বাছাই করতে হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হতে হবে।
তিনি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য গণমাধ্যমের প্রতি জোর দাবি জানান।
আরও পড়ুন:








