চাঁপাইনবাবগঞ্জ-০২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসনে ৫৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মিজানুর রহমান।
বুধবার দুপুরে গোমস্তাপুর উপজেলার রহনপুরে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ ইশতেহার প্রকাশ করেন।
“সমৃদ্ধ চাঁপাইনবাবগঞ্জ-০২ আসন, কর্মমুখী জনপদ” এ স্লোগানে প্রণীত ইশতেহারে নিরাপত্তা, শিক্ষা, যোগাযোগ, চিকিৎসা, কৃষি, কর্মসংস্থান এবং প্রশাসনিক স্বচ্ছতাসহ সার্বিক উন্নয়নকে প্রাধান্য দেয়া হয়েছে।
ইশতেহার ঘোষণাকালে ড. মিজানুর রহমান বলেন, নির্বাচিত হলে চাঁপাইনবাবগঞ্জ-০২ আসনকে ঘুষমুক্ত চাকরি নিশ্চিত করে একটি স্বচ্ছ প্রশাসনিক অঞ্চলে রূপান্তরিত করা হবে। সরকারি অফিসসমূহকে জনবান্ধব করে তোলা, দুর্নীতি ও ঘুষমুক্ত সেবা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের ভোগান্তি দূর করাই তার অন্যতম অঙ্গীকার।
তিনি বলেন, বরেন্দ্র অঞ্চলের দীর্ঘদিনের পানি সংকট দূর করতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হবে। টেকসই পানি ব্যবস্থাপনা, সেচ সুবিধা বৃদ্ধি এবং কৃষি উৎপাদন উন্নত করতে বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করা হবে। কৃষকদের জন্য সুবিধাজনক বাজারব্যবস্থা ও আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণও তার পরিকল্পনায় রয়েছে।
সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারী ও মাদকমুক্ত একটি নিরাপদ জনপদ গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন তিনি। পাশাপাশি শিক্ষা অবকাঠামো উন্নয়ন, কর্মমুখী শিক্ষা বিস্তার, বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং আধুনিক চিকিৎসা সেবা বাড়ানোর বিষয়েও গুরুত্ব আরোপ করেন।
ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে তিন উপজেলার জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:








