কুমিল্লা-১১(চৌদ্দগ্রাম)সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এর নির্বাচনী ফেস্টুন ও আমীরের জামায়াতের দাঁড়িপাল্লা সম্বলিত ছবিতে আগুন লাগানোর অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা প্রতিবেদককে জানান, রবিবার (১ ফেব্রুয়ারী) চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর এলাকার বিভিন্ন স্থানে লাগানো ডা. আব্দুল্লা তাহের এর দাঁড়িপাল্লা প্রতীকের একাধিক নির্বাচনী ফেস্টুন ও আমীরে জামায়াতের ছবি সম্বলিত দাঁড়িপাল্লার ফেস্টনে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়া হয়।
রবিবার সকালে এলাকাবাসী পুড়ে যাওয়া পোস্টার দেখতে পেয়ে সংশ্লিষ্ট প্রার্থীর লোকদের বিষয়টি অবহিত করেন। পরে ঘটনাস্থল স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ পরিদর্শন করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে সাংবাদিকদের জানান।
এ ঘটনায় চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, এটি একটি পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত। নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করতেই এমন ন্যাক্কারজনক কর্মকাণ্ড চালানো হয়েছে বলে তারা মনে করেন। ফেস্টুনে আগুন দেয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত সুষ্ঠু তদন্তের দাবি জানান জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম উপজেলার নেতৃবৃন্দ।
জামায়াতে ইসলামীর বিবৃতিতে জানানো হয়, নির্বাচনী ফেস্টুন ব্যানার পুড়িয়ে ফেলার মাধ্যমে ভয়ভীতি সৃষ্টি ও প্রচারণা ব্যাহত করার অপচেষ্টা চালানো হচ্ছে। এ ধরনের ঘটনা গণতান্ত্রিক মূল্যবোধ ও সুষ্ঠু নির্বাচনের পরিপন্থী। অবিলম্বে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং নির্বাচনি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি জোরদার করা হয়েছে।
জামায়াত আমীরের ছবি সম্বলিত ফেস্টুন ব্যানারে আগুন লাগানোর ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ও উদ্বেগ দেখা দিয়েছে।
আরও পড়ুন:








