শুক্রবার

৬ ফেব্রুয়ারি, ২০২৬ ২৩ মাঘ, ১৪৩২

বাঁশখালীতে জামায়াত কর্মীর দোকান ভাঙচুর ও হামলা; সেনাবাহিনীর অভিযানে আটক ছাত্রদল নেতা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ৩১ জানুয়ারি, ২০২৬ ১১:০৫

শেয়ার

বাঁশখালীতে জামায়াত কর্মীর দোকান ভাঙচুর ও হামলা; সেনাবাহিনীর অভিযানে আটক ছাত্রদল নেতা
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম এলাকায় মহিলা জামায়াতের কর্মসূচি ও জামায়াত কর্মীদের দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে এক ছাত্রদল নেতাকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তির নাম মো. শাকিল। তিনি উপজেলা ছাত্রদলের একজন সংগঠক বলে জানা গেছে। শাকিল সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম নতুন বাজার এলাকার বাসিন্দা এবং আজিজুর রহমান ওরফে নওশা মেস্ত্রির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বাণীগ্রাম বৈলগাঁও এলাকায় মহিলা জামায়াতের একটি প্রচারণা চলাকালে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ ও অবরুদ্ধ করার ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় জামায়াত-শিবিরের নেতৃত্বে পরবর্তীতে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে নতুন বাজার এলাকায় জামায়াত কর্মীদের একাধিক দোকানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে।

ঘটনার পর অভিযুক্তরা আত্মগোপনে চলে গেলে বাঁশখালী সেনা ক্যাম্পের তত্ত্বাবধানে এলাকায় টহল জোরদার করা হয়। প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালিয়ে মো. শাকিলকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দোকান ভাঙচুরের ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে।

এ বিষয়ে বাঁশখালী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার বলেন, 'ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলমত নির্বিশেষে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনীর নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতা প্রতিরোধে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।'

আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।



আরও পড়ুন:

banner close
banner close